খেলাধুলাকে শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক আসরে পদকের জন্য লড়াই করতে ক্রীড়াবিদ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, আমরা শুধু এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে অংশগ্রহণ করতে চাই না। আমরা চাই, পদক জেতার জন্য অংশগ্রহণ করতে। পদকের জন্য লড়াই করতে পারি সেই চিন্তা নিয়ে আমরা কাজ করতে চাই।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া উৎসব-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, খেলাধুলার কোনো বয়স নেই। নিজেকে সুস্থ রাখা ও সুস্থ জীবনযাপনের জন্য হাঁটাচলা, দৌড়ানো কিংবা খেলাধুলার চর্চা করা প্রয়োজন। খেলাধুলার এই চর্চার প্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও পড়ে।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সময় খেলাধুলার মাধ্যমে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিল। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন আনা সম্ভব এই চিন্তা থেকেই বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ‘শূন্য থেকে’ কাজ শুরু করেছে এবং ধীরে ধীরে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, বর্তমানে প্রায় ৩০০ ক্রীড়াবিদ এই ভাতা পাচ্ছেন। চলতি মাসের শেষ নাগাদ আরও প্রায় ২০০ জনকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, শুধু খেলোয়াড় নয়, যোগ্য রেফারি ও কোচদেরও যাচাই-বাছাই করে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন যেভাবে দেওয়া হয়, একইভাবে ক্রীড়া ভাতাও দেওয়া হচ্ছে।
এক মাস ক্রীড়া ভাতা বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নতুন কর্মসূচি হওয়ায় সাময়িক সমস্যা হয়েছিল। ভাতা চালু করার জন্য এরইমধ্যে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই তা আবার চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বকেয়া ভাতাসহ পরবর্তী সব ভাতা একসঙ্গে ক্রীড়াবিদদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া ভাতা দিতে সরকার প্রতি বছর ৬০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। বাবা-মায়েরাও সন্তানকে শুধু ডাক্তার বা প্রকৌশলী বানানোর চিন্তা না করে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার বিষয়ে আগ্রহী হবেন।
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কথা তুলে ধরে আমিনুল হক বলেন, এর ধারণাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে।
তিনি বলেন, প্রথম আসরে অনলাইন নিবন্ধনের মাধ্যমে প্রায় ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। উপজেলা থেকে জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়। গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণের মাধ্যমে প্রথম আসর শেষ করেন।
দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, এবার দেশের প্রতিটি ইউনিয়ন থেকে দল গঠন করে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৫ লাখ অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। লক্ষ্য ছিল ১৪ লাখ ক্রীড়াবিদ। সেপ্টেম্বর মাসজুড়ে নিবন্ধনের সময় বাড়ানো হলে এই সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
আমিনুল হক বলেন, ছেলে-মেয়ে ও কিশোর-কিশোরীদের এই ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবার, স্কুল ও সমাজে একটি বার্তা যাচ্ছে খেলাধুলাই দল-মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার অবকাঠামো শক্তিশালী করতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এরইমধ্যে ২০১টি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের কার্যক্রম অনুমোদন হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
তার ভাষ্য, জেলা পর্যায়ের ক্রীড়া কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা পর্যায়ে কর্মকর্তারা দায়িত্ব পালন করলে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনা সহজ হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে ভালো করা ৩০৬ জন ক্রীড়াবিদকে নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসের প্রশিক্ষণ শুরু হবে বলে জানান আমিনুল হক।
তিনি বলেন, এই প্রশিক্ষণ থেকে অসাধারণ প্রতিভাবান ক্রীড়াবিদদের বাছাই করা হবে। তাদের বিনামূল্যে সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি করানো হবে। খেলাধুলার পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্বও সরকার বহন করবে।
স্কুল পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতে ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক সংযোজন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বইটি লেখার কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে এটি পর্যালোচনা করা হচ্ছে। পরে চতুর্থ শ্রেণিতে বইটি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।
আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ১০টি ইভেন্টকে সামনে রেখে শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে ধারণা দেওয়া হবে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দুই, তিন কিংবা পাঁচ বছর পর এসব উদ্যোগের সুফল পাওয়া শুরু হবে।
এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রীড়াবিদদের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে তারা জাপানের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।
তিনি বলেন, এশিয়ান গেমসের পর ১৩ থেকে ১৪টি ইভেন্টকে লক্ষ্য করে বছরব্যাপী ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মধ্যে রাখা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়েই তাদের প্রস্তুত করা হবে।
একজন ক্রীড়াবিদ হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আমিনুল হক বলেন, কোনো বিদেশি কোচকে এনে এক মাসের মধ্যে একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দেওয়া বাস্তবসম্মত নয়। একজন কোচ বা ক্রীড়াবিদকে সময় দিতে হবে।
তিনি বলেন, আমরা শুরু করেছি জিরো থেকে। বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলবে, আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেবে। ফলাফল যা-ই হোক, আমরা থেমে থাকতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই।
আগামী পাঁচ বা ১০ বছর পর অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করতে পারে এমন ক্রীড়াবিদ তৈরিই সরকারের লক্ষ্য বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এমএএস/এসএনআর
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুর একাদশে নেই দলের অন্যতম প্রধান তারকা ঋতুপর্ণা চাকমা। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার। এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামার আগে কোচ পিটার বাটলার একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন। অধিনায়ক হিসেবে আছেন মারিয়া মান্দা। বাংলাদেশের গোলপোস্ট সামলাবেন মিলি আক্তার। রক্ষণভাগে রয়েছেন আফঈদা খন্দকার, আইরিন খাতুন, সুরভী আক্তার আরফিন ও অর্পিতা বিশ্বাস। মাঝমাঠে মারিয়া মান্দার সঙ্গে আছেন কোহাতি কিসকু, মোমিতা খাতুন ও আনিকা রানিয়া সিদ্দিকী। আক্রমণভাগে দায়িত্ব পেয়েছেন তহুরা খাতুন ও সুলতানা। এরইমধ্যে মাঠে নেমে ১৬ মিনিটে ৩ গোল হজম করেছে বাংলাদেশের মেয়েরা। উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ মিলি আক্তার, আফঈদা খন্দকার, আইরিন খাতুন, সুরভী আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, কোহাতি কিসকু, মোমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুলতানা। আরআই/আইএন
বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ একটি সফল বছর কাটানোর পর লামিনে ইয়ামাল মনে করেন, ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার তিনি। ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা আরও বলেছেন, তিনি ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে বর্তমান সময়ের দুই সেরা খেলোয়াড় বিশ্বের। মভিস্টারের সঙ্গে সাক্ষাৎকারে লামিন ইয়ামাল বলেন, ‘আমার কাছে এমবাপে আর আমি, আমরাই বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যি বলতে, বিশ্বের সেরা হিসেবে হয়তো আমরা দুজনই আছি। আর এ বছর আমি এটি পাওয়ার যোগ্য, কারণ আমি যা যা জিতেছি।’ গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। এপর যুক্তরাষ্ট্রে, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়েও রেখেছেন অসামান্য ভূমিকা। লা লিগা জয়ের পর বিশ্বকাপও জেতায় ইয়ামাল এবারের ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হয়ে উঠেছেন। অন্যদিকে ব্যালন ডি’অরের দাবিতে এমবাপের পক্ষেও রয়েছে শক্ত যুক্তি। গত মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফরাসি তারকা। তবে দলীয় সাফল্যের দিক থেকে পিছিয়ে এমবাপে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপা জিততে পারেনি। ফ্রান্সও বিশ্বকাপে চতুর্থ স্থানেই শেষ করেছে। আইএন
বয়স বাড়ছে, কিন্তু গোলের ক্ষুধা যেন কমছে না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও ফুটবল মাঠে নিয়মিত আলো ছড়াচ্ছেন দুই মহাতারকা। একজন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে, অন্যজন সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে। চলতি সপ্তাহেও গোল করেছেন দু’জনই। তাতে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯২৮, আর রোনালদো পৌঁছে গেছেন ৯৭৯ গোলে। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও মেসির ফুটবল-সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে। স্পেনে দ্বিতীয় একটি ক্লাবের মালিকানার পথে এগিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। গোলের সঙ্গে মেসির ক্লাব-সাম্রাজ্যও বাড়ছে ইন্টার মিয়ামির হয়ে চলতি সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন মেসি। প্রথমটি শিকাগো ফায়ারের বিপক্ষে, পরেরটি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিলের বিপক্ষে। শিকাগোর বিপক্ষে ম্যাচে মিয়ামি প্রথমে পিছিয়ে পড়ে। নতুন তারকা রবার্ট লেওয়ানডস্কির দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় ফায়ার। দ্বিতীয়ার্ধে মিয়ামিকে সমতায় ফেরান মেসি নিজে গোল করে নয়, তার নিখুঁত কর্নার থেকে ক্যাসেমিরো হেডে গোল করে। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ন্যাশভিলের বিপক্ষের ম্যাচে অবশ্য মেসিই হয়ে ওঠেন মূল আকর্ষণ। শুরুতেই স্যাম সারিজের গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। এরপর শুরু হয় মেসির জাদু। প্রথমে মেসির ভেতরের দিকে বাঁকানো কর্নার থেকে রিড বেকার-হোয়াইটিং নিজেদের জালে বল পাঠান। আত্মঘাতী গোল হওয়ায় সেটি মেসির অ্যাসিস্ট হিসেবে অবশ্য যোগ হয়নি। এরপর নিজেই গোলের চেষ্টা করেন মেসি। ডান দিক থেকে ভেতরে ঢুকে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে পরের সুযোগ আর নষ্ট করেননি ৩৯ বছর বয়সী তারকা। রদ্রিগো ডি পলের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শটে বল পাঠান দূরের পোস্টের কোণে। মেসির সেই চিরচেনা ফিনিশে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। তবে মেসির গোলের পরও জয় এলো না। গোল করার পরও থামেননি মেসি। লুইস সুয়ারেজের একটি প্রচেষ্টার পর পাওয়া রিবাউন্ড থেকে শট নিয়ে পোস্টে আঘাত করেন তিনি। সেই আক্রমণের শুরুটাও হয়েছিল মেসির পাস থেকে। ম্যাচের শেষ মুহূর্তে জয়ের দারুণ সুযোগও পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সুয়ারেজের পাসে একেবারে একা গোলরক্ষকের সামনে চলে যান তিনি। গোলরক্ষক ব্রায়ান শভাকেকে কাটিয়েও ফেলেছিলেন মেসি। কিন্তু গোলমুখে তার শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস। গোললাইন থেকে সেই প্রতিরোধে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় ন্যাশভিল। আর সেই সুযোগ নষ্ট করার খেসারতও দিতে হয়েছে মিয়ামিকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গোল করেন সারিজ। ফলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা নয় পয়েন্ট পিছিয়ে। তৃতীয় অবস্থানে থাকা শার্লট এফসি ও নিউ ইংল্যান্ড রেভল্যুশনের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে মায়ামি। ৯২৮ গোল মেসির ন্যাশভিলের বিপক্ষে গোলটি যোগ হয়েছে মেসির বিশাল গোলসংখ্যায়। চলতি সপ্তাহে একটি গোল ও একটি অ্যাসিস্ট যোগ করে তার ক্যারিয়ার পরিসংখ্যান দাঁড়িয়েছে ৯২৮ গোল ও ৪২৩ অ্যাসিস্টে। বয়স ৩৯ ছুঁয়েও মেসির পারফরম্যান্সের ধারাবাহিকতা ফুটবলবিশ্বকে বিস্মিত করে চলেছে। গোলের পাশাপাশি সতীর্থদের গোল করানো, সুযোগ তৈরি এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষেত্রেও এখনো তিনি মিয়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এরই মধ্যে মাঠের বাইরেও নিজের ফুটবল-ভবিষ্যৎ নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছেন মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে নেওয়ার পথে এগিয়েছেন তিনি। এর আগে বার্সেলোনার পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়ার মালিকানায় যুক্ত হয়েছেন। ফলে খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি স্প্যানিশ ফুটবলেও তার বিনিয়োগের পরিধি বাড়ছে। রোনালদোর ৯৭৯ মেসির মতোই চলতি সপ্তাহে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। আল নাসরের হয়ে মঙ্গলবার আবহা এবং শনিবার আল খালিজের বিপক্ষে মাঠে নামেন পর্তুগিজ তারকা। আবহার বিপক্ষে শুরুতেই গোল করেন রোনালদো। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের নেওয়া ভেতরের দিকে বাঁকানো কর্নারে উঁচুতে উঠে শক্তিশালী হেডে বল জালে পাঠান তিনি। এরপর আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন রোনালদো। দ্রুত ঘুরে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট লাগে দূরের পোস্টে। পরে গোললাইন থেকেও তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক ডোনোভান লিওন ও আবহার অধিনায়ক আবদুল্লাহ আল ফাহাদ। আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন আবদুল্লাহ আল হামদান। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটি জেতে আল নাসর। তবে সপ্তাহের দ্বিতীয় ম্যাচে আল খালিজের বিপক্ষে জয় পায়নি তারা। ওমর মাসকারেল ও আল হামদানের গোলের পর ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। রোনালদো গোলের একটি ভালো সুযোগ পেয়েছিলেন। বুদ্ধিদীপ্ত দৌড়ে মার্কারকে পেছনে ফেলে কাছ থেকে হেড নিয়েছিলেন তিনি, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। গোলের মাইলফলকে রোনালদো এগিয়ে আল খালিজের বিপক্ষে গোল না পেলেও আবহার বিপক্ষে করা গোলটি রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যায় যোগ হয়েছে। চলতি সপ্তাহ শেষে তার গোল এখন ৯৭৯টি। সঙ্গে আছে ২৬১টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসির গোলসংখ্যা ৯২৮, অ্যাসিস্ট ৪২৩। অর্থাৎ মোট গোলের হিসাবে রোনালদো এখন মেসির চেয়ে ৫১ গোলে এগিয়ে। তবে অ্যাসিস্টের হিসাবে মেসিই অনেক এগিয়ে। দুজনের বয়স, লিগ ও ক্যারিয়ারের বর্তমান পর্যায় আলাদা হলেও ফুটবলবিশ্বে তাদের তুলনা এখনো শেষ হয়নি। বরং ক্যারিয়ারের শেষ অধ্যায়েও গোল করে চলার কারণে সেই প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাচ্ছে। আইএইচএস/