মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। গত শুক্রবার রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় আরও উপস্থিত ছিল ট্যালেন্ট শার্পনার–এর ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এ স্বীকৃতি ফাউন্ডেশনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ১৯৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন, ৩১৭ জনকে স্বাবলম্বী করা, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও চাকরির ব্যবস্থা, গৃহহীনদের ঘর নির্মাণ, ‘স্বপ্ন নিয়ে নিবাস’ প্রতিষ্ঠা, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ, প্রবীণদের সহায়তা, শহীদ মিনার নির্মাণ, রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বন্যা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

রাজধানীর ভাটারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সহসভাপতি কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

আজ রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতারা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

নবগঠিত কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় বহুতল ভবন আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ রোববার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাম্প্রতিক মাসগুলোয় হুতিরা প্রায় নিয়মিত আরামকোর বিভিন্ন অবকাঠামোয় হামলা চালাচ্ছে। তেলবাহী জাহাজ, শোধনাগার, সংরক্ষণাগার এবং কোম্পানির প্রধান কার্যালয় লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

রিয়াদে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) এলাকায় আরামকো টাওয়ারের অবস্থান। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কেএএফডির আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এটা নিশ্চিত। অপর দুজন প্রত্যক্ষদর্শী হামলা ও ভবনটির ক্ষয়ক্ষতি দেখার কথা নিশ্চিত করেছেন।

আরামকো টাওয়ার এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি গোলা বা ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানতে দেখেছেন। তবে সেটি ঠিক কী ধরনের অস্ত্র ছিল, তা তিনি নিশ্চিত হতে পারেননি।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর এক বছর পর ইয়েমেন সরকারের সমর্থনে সরাসরি এ যুদ্ধে অংশ নেয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুতিবিরোধী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব। আর হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের অনেক এলাকাজুড়ে নিজেদের শাসন জারি রেখেছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের লড়াইয়ের পর ২০২২ সালে দুই পক্ষে যুদ্ধবিরতি সংঘাত বন্ধ হয়েছিল। তবে ইরান যুদ্ধের ফলে পরিস্থিতি পাল্টে যায়। গত জুলাই মাস থেকে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের পাল্টাপাল্টি হামলা চলছে।

আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

হামলায় আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে এবং ভবনের সামনের অংশের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রিয়াদে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা হয়েছে। বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত কোনো ব্যক্তি হতাহত হননি।

রিয়াদে ধারাবাহিক হামলার কারণে কয়েক সপ্তাহ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাস চলছিল। সৌদি শিক্ষা মন্ত্রণালয় গত শনিবার রাতে সশরীর ক্লাস শুরুর ঘোষণা দেয়। এ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হামলার ঘটনা ঘটল।

সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, রিয়াদের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।

রিয়াদের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে দেশি-বিদেশি বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত। সৌদির স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ের অবস্থানও এ এলাকায়। এ ছাড়া এলাকাটিতে আবাসিক ভবন ও বড় একটি মেট্রোস্টেশন রয়েছে। সকালের ব্যস্ত সময়ে সেখানে বিপুলসংখ্যক অফিসযাত্রী যাতায়াত করেন। ফলে এ এলাকা লক্ষ্য করে চালানো হামলা সৌদি আরব ও হুতিদের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সৌদি বিমান হামলায় নিহত অন্তত ৭২

ইয়েমেনের আটটি প্রদেশে ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি। গতকাল ঘটনাস্থল থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হুতিরা দাবি করেছে, রাজধানী সানার পূর্বাঞ্চলীয় বনি হুশাইশ এলাকাটি হামলার মূল কেন্দ্র ছিল। সেখানে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্য ৩৯ জন নিহত হয়েছেন অন্যান্য এলাকায়।

রাজধানী সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল-আজিজ আল-দাইলামি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা বেশ কয়েকজন এমন আহত ব্যক্তিকে পেয়েছি, যাঁদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁদের মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে।’ এই চিকিৎসক আরও বলেন, ‘একটার পর একটা হামলা চলছেই। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবার হামলা হচ্ছে। এমনকি আমরা আমাদের কয়েকজন চিকিৎসাকর্মীও হারিয়েছি। তাঁরা হামলায় নিহত হয়েছেন।’

জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে নতুন করে লড়াই শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

খুলনায় গত ১০ মাসে অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। শেষ ১৫ দিনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা এসব বাসে আগুন লাগায় যাত্রী বা অন্য কেউ হতাহত হয়নি।

আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসে আগুনের ঘটনাগুলো কেন ঘটছে এবং এর সঙ্গে কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাগুলোকে নাশকতা মনে করছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন বাসের চালক। রাত ২টা ৫৫ মিনিটে ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পায় সাভার ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন নেভানো হয়। বাসে চালক বা অন্য কেউ ছিলেন না। প্রাথমিকভাবে এটি নাশকতা বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোড এলাকায় মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে নেভাতে যায় ফায়ার সার্ভিস

ধামরাইয়ে তিন বাসে আগুন

এদিকে ধামরাই উপজেলার তিনটি পৃথক স্থানে গত তিন রাতে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে দাঁড় করিয়ে রাখা গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পল্লী সেবা নামের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। রাত ২ টা ১৫ মিনিটে বিষয়টি জানতে পারে ধামরাই ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়।

গত শুক্রবার দিবাগত রাতে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী সার্ভিস লেনের সড়ক বিভাজক ঘেঁষে দাঁড় করে রাখা বাসে আগুনের ঘটনা ঘটে

এ ছাড়া গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে ধামরাই থানা রোড এলাকায় মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৩টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান প্রথম আলোকে বলেন, পরপর তিন রাতে পৃথক পৃথক স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো নাশকতামূলক বলে মনে হচ্ছে। গাড়িগুলো পরিষ্কার করে তালা মেরে চলে যাওয়ার পর রাতে পথচারী বা অন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান প্রথম আলোকে বলেন, তিন রাতে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো কেন ঘটছে, কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে আমরা রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় সামনে রেখে প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

ওসি আরও বলেন, ইতিমধ্যে ধামরাই থানা রোড এলাকার ঘটনায় বাসের মালিক মামলা করবেন বলে জানিয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে আজ রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে চিঠি দিয়েছে তারা। ৬ ও ৭ নভেম্বর ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটের ছয়টি গাড়িতে আগুন দিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে আজ রোববার চিঠি দিয়েছে সংগঠনটি। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেছেন, ওই গ্রুপ নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে কাজগুলো করছে।

আজ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আকতার হোসেন। তিনি বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।