প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে এ তথ্য জানিয়েছেন।

উপপ্রেস সচিব বলেন, বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে তিনি ধন্যবাদও জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচারের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর।

গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামি দুজনের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মঙ্গলবার এ বিষয়ের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল এবং একই সাথে তাঁদের জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা এজাহারে উল্লিখিত ঘটনার বাইরেও নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠনকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা আলামত পর্যালোচনা করে আরও কয়েকটি গ্রুপের সন্ধান, নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আবেদনে।

আবেদনে আরও বলা হয়, আসামিরা ও তাঁদের সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ প্রতিষ্ঠা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। এসব গ্রুপে পলাতক রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তাঁদের সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পলাতক ব্যক্তিদের নাম-ঠিকানা ও অবস্থান জানার জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ মামলায় মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামত যাচাইয়ে কিছু অসংগতি ও রহস্যজনক তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীর নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১২ অক্টোবর তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পল্লবীতে কাজী গুলশান আরার বাসায় বসে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট তৈরি করে প্রচার করতেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ‘কালআজকাল ডটকম’ নামের একটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি ব্যবহার করেও সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কনটেন্ট প্রচার করা হতো বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন কাজী গুলশান আরা। পরে তিনি ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসামূলক প্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছিলেন। তাঁদের সঙ্গে দেশি-বিদেশি গুপ্তচরের যোগাযোগ রয়েছে বলেও এজাহারে দাবি করা হয়।

এ ঘটনায় পল্লবী থানার পরিদর্শক মো. আলী আকবর বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১), ১০, ১১ ও ১২ ধারা এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ধারায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।

যুক্তরাজ্যে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের ঘটনায় প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাশিম চৌধুরী (৫৬)। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি প্রতারণামূলকভাবে অর্জিত বলে আদালতে প্রমাণিত হয়েছে।

সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আটটি এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। সাত ঘণ্টা আলোচনার পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছান।

বিচারক মার্ক উইকস কাশিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাজা নির্ধারণে পাঁচ বছরকে প্রাথমিক বিবেচনার কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া বাসা থেকে কাজের সুযোগ কাজে লাগিয়ে কাশিম একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকরির তথ্য গোপন করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় (ডেফরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস), স্বাস্থ্য ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রণালয়, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। এ ছাড়া তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্টেও চাকরি করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর বার্ষিক বেতন ছিল প্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার পাউন্ড।

সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজের চুক্তি

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এক পর্যায়ে কাশিমের বিভিন্ন চাকরিতে সাপ্তাহিক কর্মঘণ্টার যোগফল দাঁড়ায় ১৮৩ ঘণ্টা। অথচ এক সপ্তাহে মোট সময় ১৬৮ ঘণ্টা।

প্রসিকিউশন জানায়, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে ভুল তথ্য দিতেন কাশিম। নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য গোপন রাখতেন। একাধিক চাকরির চাপ সামলাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসুস্থতার ছুটিও নিতেন। ২০২৩ সালের মার্চে চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটিতে থাকলেও তিনি হোম অফিসে কাজ চালিয়ে যান।

আদালতে একটি ভিডিও বৈঠকের বিবরণ দেন ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ব্যবস্থাপক আলিশা অ্যাডামস। তাঁর অভিযোগ, অসুস্থ দেখানোর জন্য কাশিম মুখে সাদা মেকআপ লাগিয়েছিলেন। বৈঠক চলাকালে ঘামের কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তবে কাশিম এই অভিযোগ অস্বীকার করেন। ওই বৈঠকে কাশিম অন্য সরকারি প্রতিষ্ঠান ডেফরার ই–মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন বলেও আদালতে জানানো হয়। বিষয়টি জানতে চাইলে তিনি প্রযুক্তিগত ত্রুটির কথা বলেন।

যেভাবে ধরা পড়েন

২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর ২০২৪ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য যাচাইয়ে কাশিমের প্রতারণা শনাক্ত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেতনসংক্রান্ত তথ্য মিলিয়ে তাঁর একাধিক চাকরির বিষয়টি সামনে আসে।

আদালতে আত্মপক্ষ সমর্থন করে কাশিম বলেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা এবং জীবিকা নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একাধিক চাকরি নিয়েছিলেন। ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি হারানোর পর তাঁর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও শনাক্ত হয়েছিল।

তবে প্রসিকিউশনের দাবি, তাঁর কর্মকাণ্ড ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত প্রতারণা। সরকারি অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে কাশিমের বিরুদ্ধে মায়ের সম্পত্তি নিয়ে পৃথক একটি দেওয়ানি মামলাও চলছে। তাঁর দুই ভাই ও এক বোনের অভিযোগ, মৃত্যুর আগে গুরুতর অসুস্থ মাকে প্রভাবিত করে পূর্ব লন্ডনের ২১ লাখ পাউন্ড মূল্যের পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে নেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। কাশিম অভিযোগ অস্বীকার করেছেন। মামলাটি এখনো বিচারাধীন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভায় সভাপতিত্ব করেন।

সভায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বাড়ানো হবে নজরদারি। এ ছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

একই সঙ্গে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট তাঁকে সরিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে হচ্ছেন— এমন সম্ভাবনা নিয়ে তীব্র দুশ্চিন্তায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির হেফেৎজ এমনটাই মনে করছেন। দেশটির ১০৩এফএম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

হেফেৎজ বলেন, ‘নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আতঙ্কই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ অনুভব করতে পারি।’

নির হেফেৎজ ২০০৯ থেকে ২০১০ সালে নেতানিয়াহু সরকারের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি সরাসরি নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত উপদেষ্টা ও পিআর (জনসংযোগ) কৌশলী হিসেবে কাজ করেন। ২০১৮ সালের শুরুতে দুর্নীতি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত তিনি নেতানিয়াহু পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন।

সাক্ষাৎকারে হেফেৎজ নেতানিয়াহুর কার্যালয়ের ভেতরের আতঙ্কজনক পরিবেশ নিয়েও কথা বলেছেন। নিজের অভিজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ার ঘন ঘন জরুরি ফোন করতেন। এটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

হেফেৎজ বলেন, ইয়ার ও সারা প্রতি পাঁচ সেকেন্ড পরপর একই কথা বলে জরুরি ফোন করতেন। তিনি বলেন, আপনি যদি গোপনে খেয়াল করেন, তবে নিজের চোখেই এই আতঙ্ক দেখতে পাবেন। নিজের অবস্থান যখন ঝুঁকিতে থাকে, তখন তাঁর (নেতানিয়াহু) ক্ষেত্রে এমন আচরণ অস্বাভাবিক কিছু নয়। নিজের স্বার্থের প্রশ্ন এলে তিনি এভাবেই কাজ করেন।

নেতানিয়াহুর ক্ষমতা হারানোর আশঙ্কা নিয়ে আলোচনা করতে গিয়ে হেফেৎজ একটি কথা বলেন। তিনি বলেন, বিরোধী দলে যাওয়ার এই পরিবর্তন প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ও তাঁর পরিবারের জন্য খুবই কঠিন হবে।

বেনিয়ামিন নেতানিয়াহু

হেফেৎজ বলেন, সহজভাবে বলতে গেলে, বাড়িতে তাঁর জীবন একদমই সহজ হবে না। এটাও ভোলা যাবে না যে তিনি এমন একজন মানুষ, যিনি বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া সম্মান খুব উপভোগ করেন।

ইসরায়েলের সরকারি বিমানের (উইং অব জিয়ন) কথা উল্লেখ করে হেফেৎজ প্রশ্ন করেন, তিনি কি বিরোধী দলের আসনে বসবেন? তিনি কি হঠাৎ দেখবেন যে আইজেনকট গাড়িবহর নিয়ে ঘুরছেন, হেলিকপ্টারে করে সব জায়গায় যাচ্ছেন এবং উইং অব জিয়নে উড়ছেন?

হেফেৎজ দাবি করেন, নেতানিয়াহু, সারা ও ইয়ার—এই ত্রিমূর্তি রীতিমতো ক্ষোভে ফেটে পড়বেন। তাঁদের কাছে, এটি গাজায় মানুষের জিম্মি হওয়ার চেয়েও খারাপ কিছু মনে হবে।

প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচারে প্রভাব পড়তে পারে

নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর চলমান দুর্নীতি মামলার বিচারে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে হেফেৎজ তাঁর বক্তব্য শেষ করেন। তিনি মনে করেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে আদালতে নেতানিয়াহুর উপস্থিতির সময়সূচির ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া গেছে। তবে বিরোধী দলে গেলে বিচারকেরা তাঁকে আরও কঠোরভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন।

হেফেৎজ প্রশ্ন করেন, আপনারা কি ভেবে দেখেছেন যে তাঁর জীবন কতটা বদলে যাবে? জেলা আদালতের বিচারকদের যে প্যানেলটি অমিত হাদাদকে বিচারকাজ পরিচালনার সুযোগ দিচ্ছে, তারাই তখন তাঁকে বলবে: আপনাকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে।

হেফেৎজ বলেন, বিচারকেরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবেন, আর তাঁকে দিনের পর দিন সেখানে বসে থাকতে হবে।

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরায়েলের জনগণ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, এটা মেনে নিতে নেতানিয়াহুর কষ্ট হচ্ছে।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান পেয়েছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।

মঙ্গলবার দুবাইয়ের সময়ে রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান। তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।

‘ফ্যামিলি’ বা পরিবার বলতে সাধারণত মানুষের সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্পকেই বোঝানো হয়। এবারের প্রতিযোগিতায় পরিবারের ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ। মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প খুঁজে দেখার সুযোগ ছিল এবারের মূল থিমে।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। মঙ্গলবার রাতে দুবাইয়ে

এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। তাঁর ওই আলোকচিত্রে দেখা যায়, মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করছেন এক বৃদ্ধ পাটশ্রমিক। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকটিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। সেগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।

হিপার ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। ওই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন বছর প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্রের গুরুত্বপূর্ণ এই আয়োজনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের আলোকচিত্র।

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে আটটায় শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। আন্তালিয়া, তুরস্ক। ১০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) মো. আবদুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।