bangladesh

শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

নভেম্বর ১৫, ২০২৬
শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

সাভার ও আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের জেরে রোববার অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

Prothomalo

View more
আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম
আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/amar-barite-zevabe-agun-diyeche-sevabei-ekhn-gopalgnj-jwlche-nusrat-tabassum

নভেম্বর ১৫, ২০২৬
আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম
আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম

নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে সংসদে বক্তব্য দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১৫, ২০২৬
গোপালগঞ্জের দিকে নজর রাখছে
সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ
গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

নভেম্বর ১৫, ২০২৬
সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিনার ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটি সিঙ্গাপুর (Bangladeshi Mariners Community Singapore—BMCS)-এর বার্ষিক পারিবারিক মিলনমেলা গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সিঙ্গাপুরের টেমাসেক কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে আয়োজিত এ মিলনমেলায় সিঙ্গাপুরে কর্মরত ও বসবাসরত বাংলাদেশি মেরিনার এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্তৃপক্ষের প্রতিনিধি, সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়ন (SMOU)-এর প্রতিনিধি এবং চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীমসহ মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস লুৎফুন্নাহার। তাঁর উপস্থিতি আয়োজনটিকে বিশেষ মর্যাদা ও তাৎপর্য প্রদান করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমসিএস (BMCS)-এর সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাকাওয়াত হোসেন। এ ছাড়া প্রধান অতিথি লুৎফুন্নাহার, চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম এবং বিএমসিএস-এর সহসভাপতি ক্যাপ্টেন এমদাদ হোসেন তাঁদের বক্তব্যে মেরিটাইম পেশার গুরুত্ব, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি মেরিনারদের অবদান এবং কমিউনিটির পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি মেরিনার কমিউনিটির প্রতি দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল হক এবং ইঞ্জিনিয়ার শাহ মকবুল হুদা জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল বার্নহার্ড শুল্টে শিপম্যানেজমেন্টের (Bernhard Schulte Shipmanagement—BSM) ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন রেমন্ড পিটারকে বিএমসিএস-এর পক্ষ থেকে ‘Excellence in Maritime Leadership’ সম্মাননায় ভূষিত করা। সম্মাননা গ্রহণকালে তিনি তাঁর প্রতিষ্ঠানে আরও অধিকসংখ্যক বাংলাদেশি নাবিক ও মেরিটাইম ক্যাডেট নিয়োগের আগ্রহ, প্রয়োজনীয়তা এবং এর সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। তাঁর এ বক্তব্য আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি মেরিনারদের কর্মসংস্থান ও পেশাগত অগ্রগতির নতুন সম্ভাবনা নিয়ে উপস্থিত সবার মধ্যে আশাবাদ সৃষ্টি করে। তথ্যসূত্র: বিজ্ঞপ্তি

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

বক্তারা তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে বাংলাদেশি মেরিনারদের গৌরবোজ্জ্বল ভূমিকা, পেশাগত দক্ষতা ও সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের অর্থনীতি ও মেরিটাইম খাতের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে প্রবাসে কর্মরত মেরিনারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত সংহতি জোরদার করার আহ্বান জানানো হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মেরিটাইম পেশার সমৃদ্ধ ঐতিহ্য, সম্ভাবনা ও মর্যাদা তুলে ধরার বিষয়টিও বক্তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

আয়োজনের অন্যতম প্রাণবন্ত আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। BMCS-এর সদস্যরা এবং তাঁদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আরও বর্ণিল ও উপভোগ্য। বিশেষ করে শিশু-কিশোরদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পেশাগত ব্যস্ততার বাইরে মেরিনার ও তাঁদের পরিবারের সদস্যদের একত্র হওয়ার এ সুযোগ সবার মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধনের এক সুন্দর আবহ তৈরি করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে BMCS-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার আলী গওহর উপস্থিত বিভিন্ন শিপিং কোম্পানির প্রতিনিধিরা, সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের ব্যস্ত সময় থেকে মূল্যবান সময় বের করে BMCS পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আয়োজনটি সফল ও সার্থক করে তুলতে যেসব আয়োজক, স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষক নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিক বিবেচনায় BMCS-এর এ বার্ষিক পারিবারিক মিলনমেলা নিছক একটি সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না; বরং এটি প্রবাসে বসবাসরত বাংলাদেশি মেরিনার ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার এক তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে প্রতিফলিত হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনার দ্বার উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশের মেরিটাইম পেশাজীবীদের সম্মিলিত শক্তি, সাফল্য ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে BMCS-এর এবারের পারিবারিক মিলনমেলা।

নভেম্বর ১৫, ২০২৬
চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা আয়োজিত
চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা আয়োজিত

চিকিৎসা ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেলজয়ীদের গবেষণা ও আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’। ১২ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বক্তৃতা আয়োজিত হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, তরুণ গবেষক ও বিজ্ঞানপ্রেমী অংশ নেয়।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক সাইফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদনান মান্নান, দৃষ্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সংগঠক ও অনুষ্ঠানটির যুগ্ম সমন্বয়কারী জুয়েল আহমেদ, দৃষ্টির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তানভীর আল জাবের এবং সংগঠক ও সাংবাদিক মুজিবুল হক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ সালের চিকিৎসা ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কারজয়ীদের গবেষণা ও আবিষ্কার নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে অংশ নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক হাসিনা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রেজাউর রহমান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক রাতুল কুমার শীল।

অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব

চিকিৎসাবিজ্ঞানের আলোচনা পর্বে অধ্যাপক হাসিনা খান বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল আলো ব্যবহার করে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতির নাম অপটোজেনেটিকস। এর মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষ সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়। ফলে মানুষের স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে পারকিনসনস, মৃগী ও বিষণ্নতার মতো রোগের চিকিৎসা উদ্ভাবনেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

পদার্থবিজ্ঞানের আলোচনা পর্বে অধ্যাপক এ কে এম রেজাউর রহমান বলেন, ‘মহাকাশ থেকে আসা নিউট্রিনো নামের অতিক্ষুদ্র কণা শনাক্ত করার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রান্সিস হালজেন নোবেল পুরস্কার পেয়েছেন।

দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে এসব কণা শনাক্ত করার বিশেষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এ গবেষণার মাধ্যমে ব্ল্যাকহোল ও নক্ষত্রের বিস্ফোরণসহ মহাবিশ্বের নানা রহস্য সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হচ্ছে।’

রসায়নের আলোচনা পর্বে রাতুল কুমার শীল বলেন, ‘অণুর নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও তার গঠনপ্রক্রিয়া নিয়ে গবেষণা রসায়নবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ ধরনের গবেষণা অণুর গঠন ও বৈশিষ্ট্য বুঝতে সহায়তা করে। এর প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর ওষুধ তৈরি এবং কৃষিতে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, ‘বিজ্ঞান শুধু গবেষণাগার কিংবা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানবজীবনের প্রতিটি স্তরে বিস্তৃত। তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক যুক্তিবাদ, অনুসন্ধিৎসু মন এবং গবেষণার আগ্রহ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক সাইফ চৌধুরী বলেন, ‘চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন রোগ নিরাময়, পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তিগত অগ্রগতিতে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। বাংলাদেশের তরুণেরাও জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে ভবিষ্যতে বিশ্বমানের আবিষ্কারে অবদান রাখতে সক্ষম হবে।’

স্বাগত বক্তব্যে অধ্যাপক আদনান মান্নান বলেন, ‘যারা ভবিষ্যতে বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দেবে, সেই তরুণদের জন্য এ ধরনের আয়োজন অনুপ্রেরণার এক বিশাল উৎস। গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবকল্যাণে বিজ্ঞানের প্রয়োগ—নোবেলজয়ীদের কাজের এই দুই দিকই আমাদের নতুন করে ভাবতে শেখায়।’

সভাপতির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, ‘দৃষ্টি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে তরুণদের মেধা, মনন, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড বিকাশে কাজ করে যাচ্ছে। নোবেল বিজ্ঞান বক্তৃতা আমাদের তেমনই একটি ধারাবাহিক উদ্যোগ। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে জানুক, প্রশ্ন করতে শিখুক এবং গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠুক।’

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

আয়োজকেরা জানান, নোবেল পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়; এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নিরলস প্রচেষ্টা ও মানবকল্যাণে নতুন জ্ঞান সৃষ্টির গল্প। সেই গবেষণা ও আবিষ্কার সম্পর্কে শিক্ষার্থী ও তরুণদের সহজভাবে জানানো এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ষষ্ঠবারের মতো এ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এবারের আয়োজনে চট্টগ্রামের ১১টি বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সংগঠন সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল। সংগঠনগুলো হলো চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, পিইউসি রোবোটিক্স ক্লাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বায়োলজিক্যাল সায়েন্স ক্লাব, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, আনন্দ বিজ্ঞান ফুলকি, আইইইই ইএমবি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং ইয়োন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব।

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল চট্টগ্রাম জেলা পরিষদ ও জি আর মেটালিক। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা। নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা স্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সহজপাঠ ফুলকি এবং কলেজ পর্যায়ে হাজি মুহাম্মদ মহসিন কলেজ। পোস্টার প্রদর্শনীতে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চবির রসায়ন বিভাগ। বিচারকের দায়িত্বে ছিলেন সুমিত মজুমদার, অরূপ রায়, অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, আরিফ খান ও সিরাতুল কুবরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদক

নভেম্বর ১৫, ২০২৬
‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায়
ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব
‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায় ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব

সারকথা

আল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’ কবিতায় বখতিয়ার খলজিকে বাংলায় ইসলাম প্রচারের নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবিতাটির শিল্পগুণ অনস্বীকার্য; তবে এর ইতিহাসভাষ্য কতটা নির্ভরযোগ্য, এই লেখায় তা খতিয়ে দেখা হয়েছে। বখতিয়ার সম্পর্কে তথ্যের প্রধান উৎস মিনহাজ-ই-সিরাজের তবকাত-ই-নাসিরী। গ্রন্থটি শাসকদের প্রশংসায় রচিত এবং ঘটনার কয়েক দশক পরের শোনা কথার ওপর নির্ভরশীল। সেই বিবরণ থেকেই বোঝা যায়, বখতিয়ারের লক্ষ্য ছিল সম্পদ সংগ্রহ ও রাজ্যবিস্তার, ধর্মপ্রচার নয়। তিনি বাংলার সামান্য অংশই অধিকার করেছিলেন, তিব্বত অভিযানে পরাজিত হয়েছিলেন এবং ওদন্তপুরীতে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছিলেন; তবে নালন্দা তিনি ধ্বংস করেননি। তাঁর বহু আগেই আরব বণিক ও দরবেশদের মাধ্যমে বাংলায় ইসলাম পৌঁছেছিল। আদমশুমারি ও বিভিন্ন গবেষণা দেখায়, শাসনকেন্দ্র থেকে দূরের কৃষিনির্ভর অঞ্চলেই ইসলাম বেশি বিস্তার লাভ করেছে। এর পেছনে কাজ করেছে পীর-দরবেশদের ধীর ও নিবিড় প্রভাব, গ্রামসমাজের উন্মুক্ত কাঠামো এবং বর্ণপ্রথার কঠোরতা। লেখকের মতে, বহিরাগত শাসকদের বীর হিসেবে মহিমান্বিত করা আমাদের ইতিহাসচর্চার দুর্বলতা। এখন প্রয়োজন বাংলার সাধারণ মানুষের ইতিহাস অনুসন্ধান করা।

ভূমিকা

আল মাহমুদ আমার প্রিয় কবিদের একজন। তাঁর অনেক কবিতা বারবার পড়ি। নতুন করে মুগ্ধ হই। কেবল বহুল আলোচিত ‘সোনালী কাবিন’ নয়, তাঁর অনেক কবিতাই অমরত্ব পাবে বলে অনুমান করা যায়। তাঁর ‘বখতিয়ারের ঘোড়া’ও অনেক জনপ্রিয়। বহুল পঠিত। ‘বখতিয়ারের ঘোড়া’য় বঙ্গে ইসলামের ইতিহাসের কিছু চুম্বক ইঙ্গিত আছে। কাব্যিক ব্যবহারে তা অনন্য। কিন্তু ইতিহাস-চৈতন্যের দিক থেকে তা কোনো ভুল বার্তা দেয় কি না, সে প্রশ্ন তোলা যায়। ইতিহাসস্পর্শী কবিতা সে প্রশ্ন এড়াতে পারে না। কবিতার তাফসিরে সবাই একমত হন না। সেটা মেনেই ওই রকম প্রশ্ন তোলা হচ্ছে এখানে।

কবিতা বহুকাল ঐতিহাসিক অনুসন্ধানের অন্যতম উৎস। ‘হিস্ট্রিক্যাল পোয়েট্রি’ বলে কবিতার একটা সুপরিচিত ধারাই রয়েছে; যা ইতিহাস ও সমাজ গবেষণায় বহু আলোচিত উৎস। যে কারণে ওয়াল্ট হুইটম্যানের কবিতার ওপর দাঁড়িয়ে আমেরিকার গৃহযুদ্ধের ইতিহাস লিখিত হয়। যেভাবে উর্দুতে ফয়েজ আহমেদ ফয়েজের কবিতায় ১৯৪৭-এর দেশভাগ কিংবা বাংলা ভাষায় শামসুর রাহমানের কবিতায় ১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধকে পাই আমরা। অর্থাৎ কাব্য সুষমার বাইরেও কবিতা নিয়ে আলাপ উঠতে পারে। কবিতায় প্রকাশিত ঐতিহাসিক বিবরণে লুকিয়ে থাকা আকার-ইঙ্গিতে বাড়তি অনুসন্ধান হতে পারে; যা আবার কবিতা-সাহিত্যের শক্তির জায়গাই প্রকাশ করে। ‘বখতিয়ারের ঘোড়া’কে আমরা সেভাবেও পাঠ করতে পারি। ব্যক্তি ও কবি আল মাহমুদকে একদম মিলিয়ে না ফেলেও সে পাঠ চলতে পারে।১

এ কবিতায় 'ঘোড়া' শব্দ ব্যবহৃত হয়েছে ধরে নেওয়া যায় বখতিয়ার খলজির বীরত্ব, সাহস এবং স্থানীয় সমাজের সমর্থনের প্রতীক ও প্রমাণ হিসেবে। কবি স্পষ্টত বখতিয়ারকে মহিমান্বিত করেন। সেই মহিমার সঙ্গে পরোক্ষে যুক্ত করতে চান বঙ্গে ইসলাম ছড়িয়ে পড়ায় ওই যোদ্ধার ‘অবদান’-এর গৌরব। বখতিয়ারের ঘোড়ায় কবি পাঠককে ধর্মীয় আবেগে উদ্দীপ্ত করতেও আকুল, যে পাঠক স্থানীয় পর্যায়ে সংখ্যাগরিষ্ঠই হয়তো ধর্মে মুসলমান। এমনকি পাঠকের ধর্মীয় পরিচয় বাদ দিয়েও বলা যায় বখতিয়ারের ঘোড়া বাংলায় ইসলামের প্রসার সম্পর্কে ধারণা দিতে চায়। কিন্তু সেই ধারণার যথার্থতা মোটা দাগে খতিয়ে দেখা জরুরি হয়ে পড়ে। কারণ, এই কবিতার সরল পাঠ নবীন পাঠকের মধ্যে এই বোধ তৈরি করে যে ‘ঘোড়ার ক্ষুর' আর মধ্য এশিয়ার ‘যোদ্ধাদের তরবারি’র ডগায় ইসলামের বীজ রোপিত হয়েছে এখানে। বাংলার ইসলাম যেন শুধুই একটা যুদ্ধ-প্রসঙ্গ।

এ রকম বিবরণ কেবল আল মাহমুদের ৩৩ লাইনের ১৮৬ শব্দের এই কবিতায় রয়েছে, তা-ই নয়। বাংলাদেশে ‘ইসলামের ইতিহাস’ নামে যা কিছু প্রচলিত ও প্রচারিত, তাতে এটা এক প্রবল বয়ান আকারে আছে।২ এই ধর্মীয়-সমরবাদ গৌরবের সঙ্গেই প্রজন্ম থেকে প্রজন্ম লিখিত-পঠিত-প্রচারিত হচ্ছে। যেমন বাংলাদেশে কলেজ পর্যায়ে ইতিহাসের বহুল প্রচলিত গ্রন্থের মধ্যে রয়েছে আব্দুল করিমের ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসন। খুবই প্রভাবশালী গ্রন্থ এটা। হাজার হাজার তরুণ-তরুণী এ রকম বই পড়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে ইসলামের আবির্ভাব সম্পর্কে জানছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি নিচ্ছে। অসংখ্য সংস্করণ প্রকাশিত হয়েছে এই গ্রন্থের। এই বইয়ে ‘বিচক্ষণ সমরনায়ক’ বখতিয়ারকে ‘বাংলা জয়’ এবং ‘ইসলামি সমাজব্যবস্থা কায়েম’-এর কর্তৃত্ব দেওয়া আছে। (আবদুল ২০০৭: ৩২-৩৪)  এ রকম গ্রন্থের বাইরে সরাসরি শুধু বখতিয়ার খলজির ওপরও অনেক বই লেখা হচ্ছে। যেমন সরদার আব্দুর রহমান লিখেছেন (তাঁর উল্লেখ মতে), বখতিয়ার খলজির পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ। সেখানে বখতিয়ারকে নিয়ে বলা হয়েছে, ‘পুরাতন ধর্মের নিগড় থেকে নির্যাতিত মানুষকে মুক্ত করার এবং একটা নতুন জীবনব্যবস্থায় উত্তীর্ণ করার জন্য তিনি প্রথম বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্যোগ নেন।...বাংলাদেশের প্রথম দীক্ষিত মুসলমান দেবকোটের কোচদলপতি... আলীমেচ তাঁরই আদর্শে মুগ্ধ হয়ে সদলবলে মুসলমান হয়।...বিজয়ী ধর্ম হিসেবে তাঁর (বখতিয়ারের) দ্বারাই এতদঞ্চলে প্রথম ইসলাম প্রচার শুরু।’’ (সরদার ২০১৯: ১৯৫-১৯৬)

ইতিহাস হিসেবে এই সব ভাষ্য কতটা সঠিক, তা বাড়তি বিবেচনা দাবি করে। এসব বিবরণের সত্যাসত্য এবং তার পক্ষে নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ আছে কি না এবং বঙ্গে প্রকৃতপক্ষে প্রাথমিক পর্যায়ে ইসলামের আহ্বান কীভাবে প্রচারিত হয়েছে, সেসব নিয়ে আমরা ধাপে ধাপে পর্যালোচনা করব। বাংলায় বিশ্বাস হিসেবে ইসলামের প্রসার কি শুধু বলপ্রয়োগের মাধ্যমে ঘটেছে, নাকি এর অর্থনৈতিক সামাজিক আধ্যাত্মিক অনেক কারণ ছিল, সেসবও খতিয়ে দেখা দরকার। ইসলাম আবির্ভাবের তরবারি ও ঘোড়াতত্ত্ব বলপ্রয়োগের মাধ্যমে এই ধর্ম প্রসারের যে ধারণা প্রচার করে, তার মাধ্যমে আসলে অপর কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য আড়াল হচ্ছে কি না, সেটাও আমাদের পর্যালোচনায় থাকবে।

বাংলায় ইসলামের আবির্ভাবের প্রাথমিক দিনগুলো নিয়ে ইতিমধ্যে কিছু মৌলিক গবেষণা হয়েছে। আরও হবে নিশ্চয়ই। তবে এ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ গবেষণার সারকথা হচ্ছে, এখানে ইসলামের প্রসার ও বিকাশে ভৌগোলিক পরিবেশ, মানুষের মনোজগৎ এবং প্রত্যক্ষ কিছু সমাজ-ঘটনা বিপুল ভূমিকা রেখেছে। তবে ‘বখতিয়ারের ঘোড়া’ আমাদের সামনে তার বিপরীত প্রতিচ্ছবি নিয়ে হাজির হয় এবং লোকপ্রিয়তা পায়। এটা কবিতাশিল্পের জন্য ভালো খবর। কিন্তু ইসলাম ও ইতিহাসের দিক থেকে একে যাচাই করে নেওয়া জরুরি।

কারণ, এ রকম বিবরণ ইসলাম সম্পর্কে ভীতিকর ধারণার দিকেও নিয়ে যায় পাঠককে। পাশাপাশি ইসলামের কাঁধে সওয়ার হয় ভারতবর্ষে মধ্য এশিয়ার যোদ্ধাদের নানান নির্মমতার কাণ্ডকীর্তি। সেসব নির্মমতার কলঙ্ক বাড়ানো-কমানোর একটা বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতাও আছে। তাতে করে বিভিন্ন তরফে আবার অস্পষ্ট ও অযৌক্তিক নতুন নতুন বিবরণ হাজির হয়ে চলেছে; যা তৎকালীন বঙ্গসমাজ সম্পর্কে পাঠককে ঐতিহাসিক সত্যের কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ করে দেয়। এ রকম এক পরিসরে দাঁড়িয়ে আমরা ‘বখতিয়ারের ঘোড়া’ পুনঃপাঠ করছি। তবে এ-ও বলা দরকার, আল মাহমুদের কবিতা ও তাঁর ইতিহাসচেতনা এই আলোচনায় একরূপ উপলক্ষমাত্র। এই আলোচনা কেবল বাংলার ইতিহাসে ইসলাম আবির্ভাবের তরবারিতত্ত্বকে পর্যালোচনা করতে ইচ্ছুক। তবে পাশাপাশি এসব প্রশ্নও তোলা হচ্ছে—বাংলার আর্থসামাজিক-রাজনৈতিক ইতিহাসে বাইরে থেকে আসা আক্রমণের মাধ্যমে রাজত্ব করা শাসকদের আমরা কীভাবে দেখব। বাংলার ইতিহাস বলতে আমরা আসলে কার বিবরণকে বুঝব। আগ্রাসী শাসকদের ইতিহাস, নাকি স্থানীয় প্রাকৃতজনের জীবন-জীবিকা-নির্মাণ-ধ্বংস-দুঃখ-সুখের বিবরণ? হয়তো দুটোই। কিন্তু কোনটা অগ্রাধিকার পাবে?

আবেগ, বর্ণ, ধর্ম ও জাতিগত পক্ষপাতের বাইরে এসে অতীত বাংলা নিয়ে যেসব নির্ভরযোগ্য গবেষণা রয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে এই আলোচনা। তবে মূল বিতর্কে প্রবেশের আগে আলোচিত কবিতাটি আমরা আরেকবার পড়ে নিতে পারি :

বখতিয়ারের ঘোড়া
মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে
মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;
আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে উঠি।
জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে।

যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক,
যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি,
মাতৃস্তনের পাশে দু’চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি;
বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে।
আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে।

না, এখনও সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়।
বলে, বালিশে মাথা রাখো তো বেটা। শোনো
বখতিয়ারের ঘোড়া আসছে।
আসছে আমাদের সতেরো সোয়ারি
হাতে নাংগা তলোয়ার।

মায়ের ছড়াগানে কৌতূহলী কানপাতে বালিশে
নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর।
সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়। বলে, কে মা বখতিয়ার?
আমি বখতিয়ারের ঘোড়া দেখবো।

মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন,
আল্লার সেপাই তিনি, দুঃখীদের রাজা।
যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা,
আর মানুষ করে মানুষের পূজা,
সেখানেই আসেন তিনি। খিলজীদের শাদা ঘোড়ার সোয়ারি।
দ্যাখো দ্যাখো জালিম পালায় খিড়কি দিয়ে
দ্যাখো, দ্যাখো।
মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক
তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার
নিশেন ওড়ায়।

কোথায় সে বালক?

আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা
মনে হয় রক্তেই ফয়সালা।
বারুদই বিচারক। আর
স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে ওঠা।

বখতিয়ার খলজির বাংলায় আসা

বখতিয়ার খলজি বাংলায় অভিযান চালান ১২০৪ সালে (হিজরি ৫৯৮-৯৯; কোনো কোনো ভাষ্যকারের মতে ১২০৫ সালে) এবং সেটা বাংলার ক্ষুদ্র একাংশে মাত্র। ৩ বিহার-নদীয়া-গৌড় ছিল তাঁর অভিযানের পথরেখা, যা ইতিহাসের বইগুলোতে ‘লক্ষ্মণাবতী’ নামেও পরিচিত। রাজা লক্ষ্মণের নামে গৌড়ের ওই নামকরণ। ইসলাম ধর্মের অনুসারী শাসকদের আমলে লক্ষ্মণাবতীকে ‘লাখনৌতি’ নামে উল্লেখ শুরু হয়।

গৌড় অভিযানের দুই বছর পরই আসাম-তিব্বত অভিযানে খলজি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তখন নিজ পক্ষীয় আরেক সেনাপতি কর্তৃক ছুরিকাহত হয়ে মারা যান তিনি। তাঁর জন্ম-মৃত্যু-সামরিক কর্মকাণ্ডের দিন-তারিখে সামান্য হেরফের আছে পুরোনো বিবরণে। সেই বিতর্ক এড়িয়ে আমরা মূল প্রসঙ্গের দিকে এগোব।

বখতিয়ার খলজির অধিকাংশ বিবরণের উৎস কাযী মিনহাজ-ই সিরাজ জোয্‌জানীর তবকাত-ই-নাসিরী। বাংলায় মুসলমান শাসনের অনেক তথ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ উৎস। বাংলায় মুসলমানদের অভিযান সম্পর্কে এটাকে প্রাচীন প্রামাণ্যগ্রন্থ হিসেবে দেখা হয়। কিন্তু এ-ও মনে রাখা দরকার, এটি বখতিয়ারের মৃত্যুর প্রায় ছয় দশক পর প্রকাশিত এবং চার দশক পরের শোনা কথার ওপর লিখিত। লেখকের জন্ম বখতিয়ারের বাংলা অভিযানের এক দশক আগে। আর তিনি হিন্দুস্তানে এসেছেন বখতিয়ারের মৃত্যুর অন্তত দুই দশক পর, তা-ও বাংলা থেকে বহু দূরের সিন্ধুতে। বখতিয়ারের অভিযান সম্পর্কে তাঁর কোনো সরাসরি অভিজ্ঞতা ছিল না। দিল্লিতে কাযী থাকা অবস্থায় ওই গ্রন্থ লিখিত এবং এর ভিত্তি হলো ১২৪২ সালের পর দুই বছর বাংলায় অবস্থান। ১২৬০ সালের অক্টোবরে মিনহাজ-ই-সিরাজ এটা লেখা শেষ করেন। মেজর রেভার্টি পরে সেটা অনুবাদ করেন, যা প্রকাশিত হয় ১৮৮১ সালে।

মিনহাজ-ই-সিরাজ নিজে দিল্লির মুসলমান শাসকদের ঘনিষ্ঠ ছিলেন। তাঁদের সঙ্গে অনেক সামরিক অভিযানেও অংশ নেন।৪ গ্রন্থটি লেখা হয়েছে দিল্লির ১২৪৬ সালের শাসক সুলতান নাসির উদ্দীন মাহমুদ শাহর জন্য পুরস্কার হিসেবে। ‘তবকত’ মানে কাহিনি। ‘তবকাত’ হলো তার বহুবচন। ‘তবকাত-ই-নাসিরী’ মানে ‘সুলতান নাসিরের কাহিনী’। বাংলার ইতিহাস সম্পর্কে এখানে তিনটি তবকতে (২০, ২১, ২২) উল্লেখ আছে।

এ গ্রন্থ স্বাভাবিকভাবেই শাসকদের বিষয়ে প্রশংসামূলক ছিল। কারণ, সরাসরি তাদের ছত্রচ্ছায়ায়, তাদের গুণগান হিসেবে এটা লিখিত। এ রকম একমাত্র উৎসকে ব্যবহার করে বখতিয়ার খলজির যেসব বীরত্বের বিবরণ প্রচারিত হয়, তা সংগত কারণেই প্রশ্নসাপেক্ষ। বীরত্বের পাশাপাশি মিনহাজও বখতিয়ারকে ‘অধিকৃত অঞ্চলসমূহে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও উপাসনালয় নির্মাণ’ করার কৃতিত্ব দিয়েছেন। আজ পর্যন্ত বখতিয়ারের আমলের সে রকম কোনো স্থাপত্য কোথাও না পাওয়ার পরও এসব বিবরণ সদম্ভে জারি আছে। এসব নিয়ে বাড়তি অনুসন্ধান বেশি হয়নি; বরং পরবর্তী ‘ইতিহাসবিদ’রা সিরাজের বিবরণকেই নানানভাবে পুনর্লিখন করে চলেছেন। আবার তবকাত-ই-নাসিরী থেকে বখতিয়ারের বিষয়ে যত তথ্য-উপাত্ত নেওয়া হয়, তার ‘প্রতিপক্ষ’ লক্ষ্মণ সেন সম্পর্কে তেমনটি করা হয় না। বাংলায় তখনকার জনসাধারণ সম্পর্কেও সেখানে বিস্তারিত কিছু পাওয়া যায় না।

তবকাত-ই-নাসিরী বা অনুরূপ কোনো উৎস আমাদের এমন কোনো তথ্য দেয় না, যা থেকে বখতিয়ারের জীবনের প্রথমাংশে এমন সাক্ষ্য মেলে যে ধর্মপ্রচার তাঁর কোনো লক্ষ্য ছিল। আধ্যাত্মিকতার দিকে এই যোদ্ধার আগ্রহ ছিল বলে বিস্তারিত প্রমাণ মেলে না; বরং প্রাথমিক সমর অভিযানগুলোতে সম্পদ-সংগ্রহ এবং সৈন্যদল বাড়াতেই তাঁকে আগ্রহী দেখা যায়। প্রাথমিকভাবে জায়গির পাওয়া (বর্তমানের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার) ভিউলী ও ভগবাত থেকে তিনি আশপাশের হিন্দু শাসকদের রাজ্যগুলোতে মাঝে মাঝে বছরাদিক কালজুড়ে যেসব অভিযান চালিয়েছেন, সেসব মূলত সম্পদ সংগ্রহের লক্ষ্যে। বিহারের (মগধ) ওদন্তপুরী বিহার আক্রমণের পর বখতিয়ার খলজি সেখানকার ধনসম্পদ নিয়ে চলে গিয়েছিলেন। ধর্মের প্রসার যার লক্ষ্য-উদ্দেশ্য হবে, তিনি কোথাও অভিযান শেষে ধনসম্পদ সংগ্রহ শেষে সেখান থেকে চলে যাবেন, এমনটি হওয়ার কথা নয়। তবকাত-ই-নাসিরীতে লেখা রয়েছে, ‘বিজয় লাভের পর (ওদন্তপুরী বিহার দখলের পর) লুণ্ঠিত দ্রব্য নিয়ে মোহাম্মদ বখতিয়ার প্রত্যাবর্তন করেন ও সুলতান কুতুব-উদ-দীনের কাছে উপস্থিত হন। তিনি সেখানে প্রভূত সম্মান ও পুরস্কার লাভ  করেন।” (মিনহাজ ২০১৪: ২৪) ওদন্তপুরী থেকে সংগৃহীত সম্পদ যে তখনকার দিল্লির ‘সুলতান’ কুতুব-উদ-দীন আইবককে উপহার দেওয়া হয়, সে বিষয়ে গবেষক মোহাম্মদ মোহার আলীও উল্লেখ করেন, যদিও তিনি এটা মানেননি যে ওই অভিযানে বখতিয়ার কাউকে খুন করেন। (আলী ১৯৮৫: ৫১)

আল-বেরুনীর কিতাবুল হিন্দ সাক্ষ্য দেয়, ওই সময়ের ভারতীয় হিন্দু রাজ্যগুলোতে মন্দিরে প্রচুর ধন-সম্পদ গচ্ছিত থাকত; যা ওই সব রাজ্যে বহিরাক্রমণের বড় কারণ ছিল। বখতিয়ার খলজির সৈন্য দলও গড়ে উঠেছিল ভাগ্যান্বেষী যোদ্ধাদের দ্বারা। ধর্মপ্রচারক বা আধ্যাত্মিকতার তাড়নাদীপ্ত ব্যক্তিদের দ্বারা নয়। এরা কেউ শাহ সুলতান রুমি, আমানত শাহ, মিসকিন শাহ বা বায়েজিদ বোস্তামীর মতো ছিলেন না। এঁরা জিহাদে লিপ্ত হয়েছিলেন বলেও প্রমাণ নেই। আমাদের প্রিয় কবি আল মাহমুদ তাঁর কবিতায় জিহাদ ও বখতিয়ার খলজি প্রায় সমার্থক করেছেন এবং তুর্কি এই যোদ্ধাকে ‘আল্লার সেপাই’ বলেছেন। ফলে ইসলামের একরূপ কট্টর ও সমরবাদী যে ইমেজ দাঁড়ায়, তা বঙ্গে ইসলামের আবির্ভাবের সময়ের সঙ্গে মেলে কি না, তা একটু পর আমরা মিলিয়ে দেখব। আমরা এ-ও দেখব যে ‘জিহাদ’ অর্থ যদি ‘ধর্মযুদ্ধ’ হয়, তাহলে তখনকার বাংলার সমন্বয়ধর্মী সংস্কৃতির’ মাঝে সেটার প্রয়োজন বা অবকাশ ঘটেনি। শাসকদের সঙ্গে শাসকদের ক্ষমতা দখলের লড়াই এবং জিহাদ মোটেই সমার্থক নয়। ধর্মীয় কিংবা রাজনৈতিক—কোনো বিবেচনা থেকেই নয়; বিশেষ করে যেখানে উভয় শাসকই বহিরাগত।

‘বখতিয়ারের ঘোড়া’ কবিতাটির অনন্য কাব্যিক সৌন্দর্য রয়েছে। কিন্তু তাতে এমন এক ব্যক্তিকে বাংলায় ইসলাম প্রচারের গৌরবের ভাগ দেওয়া হচ্ছে বা প্রধান এক ইসলাম-পসন্দ ব্যক্তির তকমা দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামান্যই সামঞ্জস্যপূর্ণ। কোরআনে জিহাদ সম্পর্কে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাদেরই জন্য, যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে ও ধৈর্য ধারণ করে’ (১৬ সূরা নাহল : ১১০)। অর্থাৎ জিহাদ বা অমানবিকতার বিরুদ্ধে সংগ্রাম হলো নির্যাতনের একরূপ প্রত্যুত্তর। কিন্তু বখতিয়ার খলজি কোথাও নির্যাতিত নন। বরং পেশাগত জীবনের শুরুতে তিনি দিল্লিসহ বিভিন্ন স্থানের মুসলমান শাসকদের দ্বারাই কয়েকবার প্রত্যাখ্যাত। তিনি মগধ বা নদীয়া কিংবা গৌড়ে কোনো পূর্ব নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করতে আসেননি। তাঁর সর্বশেষ তিব্বত অভিযানকেও জিহাদ হিসেবে বিবেচনা করা যায় না। এগুলো সাম্রাজ্য বিস্তার, সম্পদ সংগ্রহ এবং রাজত্ব কায়েম ছাড়া আর কিছু ছিল না।

বাস্তবে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা ইতিমধ্যে এ সত্য সমর্থিত হয়—বখতিয়ার খলজির বহু আগেই বঙ্গে ইসলামের প্রচার ঘটে গিয়েছিল। তবে এর প্রসার তখনো বাকি ছিল। তুর্কি যোদ্ধাদের যদি এখানে ধর্মপ্রচারের কর্তৃত্ব দিতে হয়, তাহলে বখতিয়ারের আগে প্রায় ৫০০ বছরজুড়ে উপমহাদেশে আগত ইসলাম প্রচারকারীদের সেটা কেন দেওয়া হবে না? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারাই বরং ধর্ম প্রচারে প্রাথমিক প্রতিকূলতা অতিক্রমের কৃতিত্বের অধিকারী।

অন্যদিকে যদি রাজা-বাদশাহদের দ্বারা বা তাঁদের তরবারি শক্তিতে ধর্মান্তরকরণ গতি পেত, তাহলে উপমহাদেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি থাকত দিল্লিতে। কয়েক শতাব্দী ওখানে মুসলমান শাসকদের কেন্দ্র থাকা সত্ত্বেও তেমনটি ঘটেনি; বরং দিল্লির নগর পরিমণ্ডলে মুসলমান জনসংখ্যার বড় অংশ ছিল বাইরে থেকে আগতরা বা তাদের বংশধরেরা। বাংলাতেও মুসলমান শাসকদের অবস্থানের মূল জায়গাগুলোতে নয়, ইসলামের বেশি বিকাশ ঘটেছে প্রান্তিক অঞ্চলে।

১৮৭১ সালে ভারতে প্রথম জনশুমারি হয় বলে আমরা জানি। তবে তার আগেও কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শুমারি হয়েছে। ৫ সেই সূত্রে পাওয়া যায়, নদীয়ার ১৮০১ সালের জনসংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, সেখানে তখনও মুসলমানদের হিস্যা ৩৭ দশমিক ৫ ভাগ। দারিদ্র্যের কারণে মুসলমানদের জন্মহার বেশি হওয়া সত্ত্বেও ১৮০১ সালে নদীয়ায় মুসলমানরা ছিল অমুসলমানদের (৫৪ শতাংশ) চেয়ে প্রায় ১৭ শতাংশ কম। অথচ এই নদীয়া ‘জয় করে’ই বখতিয়ার বাংলায় ইসলাম প্রসারের খ্যাতি উপভোগ করে যাচ্ছেন। এবং তারপরও বহুকাল সেখানে মুসলমানদের ‘শাসন’ ছিল। পরিসংখ্যান এখানে ‘তরবারির শক্তি’ ও ব্যবহার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেয় না; বরং ঐতিহাসিক সত্য হিসেবে আমরা যা পাই, দিল্লিতে মুসলমান শাসকদের প্রতিষ্ঠার বহু আগে বাংলায় আরবদের আগমন ঘটে গিয়েছিল। বখতিয়ারের আগমনের কয়েক শ বছর আগের মসজিদের প্রমাণ রয়েছে বাংলায়। ৮০০ খ্রিষ্টাব্দের আগের আরবি মুদ্রা পাওয়ার নজির আছে রাজশাহীর পাহাড়পুর ও কুমিল্লার ময়নামতিতে। (আকবর ২০১৮: ২৭) বখতিয়ারের আগমনের আগে বা সমকালে মুন্সিগঞ্জের বিক্রমপুরে এসেছেন বাবা শহীদ আদম, নেত্রকোনার মদনপুরে এসেছেন শাহ সুলতান রুমি, বগুড়ার মহাস্থানে এসেছেন সুলতান মাহিসওয়ার (‘মাছের পিঠে আরোহণকারী’ বলে কথিত), সিরাজগঞ্জে এসেছেন ইয়েমেনের মখদুহ শাহ দৌলা প্রমুখ। এ রকম তালিকা আসলে আরও অনেক দীর্ঘ। মুন্সিগঞ্জের রামপালের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে সেন আমলে বাবা আদমের উপস্থিতির কাহিনি নিশ্চিতভাবে আমাদের বঙ্গে ইসলাম প্রচার সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেয়।

এটা হতে পারে, বখতিয়ার অভিযানের পর বাংলার কিছু অংশে ইসলামের অবকাঠামোগত বিকাশ গতি পেয়েছিল। পুরোনো সমাজের গর্ভে নতুনের জন্মের যে তাড়না ছিল, পুরোনো শাসকের অপসারণে তা-ই স্বচ্ছন্দ হয়েছে। এটা নতুন চলমানতার সঞ্চার করতে বাধ্য। পাশাপাশি এ-ও সত্য, বাংলায় বাইরে থেকে অভিযানে আসা মুসলমান ধর্মাবলম্বী প্রথম সেনানায়ক বখতিয়ার। কিন্তু যে ধর্মাবলম্বীই হোন, তিনি কিন্তু যোদ্ধা এবং পররাজ্য আক্রমণকারীই। লস্কর-ই-তুরকান (তুর্কিদের সেনাবাহিনী) আর লস্কর-ই-ইসলাম (ইসলামের সেনাবাহিনী) এক বিষয় হতে পারে না। (রহমান ১৯৯৫: ৪২৫-৪৩৪) উপরন্তু রক্ত ও ভাষাগত দিক থেকে স্থানীয় জনপদের সঙ্গে কোনো রূপ সম্পর্ক ছিল না এই যোদ্ধাদের। বখতিয়ারের মুসলমানিত্বকে ইসলামের প্রচার-প্রসারের সঙ্গে একাকার করে ভাবা কিংবা একজন মুসলমানের ‘শাসন’কে ‘ইসলাম কায়েম’ হিসেবে দেখার আগে বাংলাভাষীদের কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি :

ক] বখতিয়ারের আগমনের বহু আগেই ইয়েমেন, মক্কা, বাগদাদ ইত্যাদি স্থান থেকে দরবেশ ও আউলিয়ারা এখানে এসেছেন;
খ] বখতিয়ার নিজে বাংলার সামান্য অংশেই অভিযান পরিচালনা করেন; সুতরাং পুরো বাংলায় ইসলামের প্রচার-প্রসারে তাঁর ভূমিকা রাখার সুযোগ খুবই সীমিত; এটা কেবল ভৌগোলিক কারণেই নয়, সময়গত কারণেও। বাংলা অভিযানের দুই বছর পরই তিনি মারা যান। ফলে এত অল্প সময়ে ব্যাপক কোনো ধর্মীয় জাগরণের অবকাশ প্রশ্নসাপেক্ষ। পরের আলোচনায় বিভিন্ন গবেষকের বিবরণ থেকে আমরা দেখব, বাংলায় কখনোই মুসলমানদের সংখ্যা হঠাৎ একসঙ্গে বাড়েনি; বরং বহু বছর ধরে দরবেশদের ধীরলয়ের ভূমিকায় এখানে ধর্মীয় বিশ্বাসের রূপান্তর ঘটেছে।

গ] প্রাথমিক জীবনের বিবরণ থেকে বখতিয়ারের মাঝে ধর্মপ্রচারকের কোনো বৈশিষ্ট্য বা লক্ষ্য পাওয়া যায় না; তিনি যদি সেই কাজই করতেন, তাহলে বাংলায় আসার আগে তাঁর জায়গির পাওয়া বিউলি ও ভাগবাতে তার স্পষ্ট নজির থাকত।
ঘ] বখতিয়ারের বীরত্ব সম্পর্কে ব্যাপক অতিকথন দেখা যায়; অথচ তাঁর যোদ্ধা জীবনের বড় অভিযানে (১২০৫ সালের পর কামরূপ-আসাম-তিব্বত অভিমুখীন) তাঁর বাহিনী শোচনীয়ভাবে পরাজিতই হয়েছিল। এমনকি বিহার অভিযান শেষেও মিথিলা (উত্তর বিহার) তাঁর দখলে আসেনি। (ইটন ২০০৮: ১৪৯) কামরূপে এমন এক রাজার কাছে তিনি পরাজিত হন, যার যুদ্ধবিদ্যায় বিশেষ কোনো খ্যাতি ছিল না। এই যুদ্ধে কামরূপে বন্দি হয়ে থাকা বখতিয়ারের যোদ্ধাদের বংশধরেরাই আসামের ইতিহাসে ‘গোরিয়া মুসলমান’ হিসেবে কথিত। মিনহাজ-ই-সিরাজের বিবরণ থেকেই জানা যায়, তিব্বত অভিযানে যেসব সৈন্য নিহত হয়েছিল, তাদের বিধবা স্ত্রী ও এতিম শিশুরা বখতিয়ারকে পেলেই অভিসম্পাত বর্ষণ করত। মিনহাজ-ই-সিরাজের সেই বিবরণ এ রকম :

বখতিয়ার দেওকোটে পৌঁছে অত্যধিক মানসিক যন্ত্রণায় রোগাক্রান্ত হয়ে পড়েন। যেসব খলজি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, তাঁদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার লজ্জায় তিনি অশ্বারোহণ করতেন না। যখনই তিনি অশ্বারোহণ করে বের হতেন, গৃহচূড়া ও রাস্তা থেকে সমুদয় লোক অভিযোগ করতেন এবং অভিশাপ দিতেন। গালিগালাজ করতেন। (সহায় ২০১৯)

এই হলো বাস্তবে বীর বখতিয়ারের অবস্থা। মিনহাজের বিবরণ থেকে এ-ও লক্ষণীয় যে এসব অভিযান ছিল ‘খলজি’ উপজাতিদের একটা ব্যাপার। তিব্বত অভিযানের এই পরিণতির আগে নদীয়া দখলেও কোনো যুদ্ধ হয়নি লক্ষ্মণ সেনের পালিয়ে যাওয়ার বিবরণ সঠিক হলে। লক্ষ্মণাবতী বা গৌড়েও বখতিয়ার যুদ্ধ করার মতো কোনো প্রতিপক্ষ পেয়েছেন বলে জানা যায় না। অথচ বাংলার ইতিহাসগ্রন্থসমূহ তাঁর বীরত্বে ভারাক্রান্ত।
ঙ] বাংলার যে অংশ বখতিয়ারের দখলকৃত ছিল, সেখানে তাঁর পরের শাসক শিরান খলজিও দ্রুতই উৎখাত হয়েছিলেন। মাত্র আট মাস তিনি রাজত্ব করেন। ১২০৮ সালে তিনিও পলাতক অবস্থায় মারা যান। এই দুই খলজি যদি স্থানীয় সমাজে জনপ্রিয় হতেন, তাহলে শিরানের এত দ্রুত অপসারণ নিশ্চয়ই সম্ভব হতো না।
চ] খলজিরা বাংলার নদীয়া বা গৌড়কেন্দ্রিক যে অংশ দখল করেছিলেন তার বাইরে, বিশেষ করে পূর্ব বাংলায় সেন বংশের শাসন আরও দীর্ঘকাল অব্যাহত ছিল। আমাদের ইতিহাস বইগুলোতে যদিও লেখা হয়, কিন্তু লক্ষ্মণ সেন বঙ্গে সেন বংশের ‘শেষ রাজা’ নন মোটেই। তাঁর দুই পুত্র (বিশ্বরূপ সেন ও কেশব সেন) বহু বছর বাংলার বড় এক অংশ শাসন করেছেন। বিভিন্ন তাম্রশাসনে ইতিমধ্যে প্রমাণিত, লক্ষ্মণ সেনের এই দুই পুত্র ১২২৩ সাল পর্যন্ত বিক্রমপুরে শাসক ছিলেন। অর্থাৎ বখতিয়ারের আক্রমণে ‘বাংলায় মুসলমান শাসন কায়েমে’র দাবি ঐতিহাসিকভাবে প্রশ্নবিদ্ধ। বখতিয়ারের নদীয়া ও গৌড় (বর্তমানের মালদহ) বিজয়কে ‘বাংলা বিজয়’ হিসেবে ইতিহাস বইগুলো যেভাবে উল্লেখ করে, তা খুবই বিভ্রান্তিকর। (মিনহাজ ২০১৪: ৩০) এমনকি এরপরের সুলতানি শাসন শুরু হতেও অনেক দশক লেগেছে। আবার সুলতানি শাসনের মাঝেও বাংলায় কংশনারায়ণ নামে অমুসলমান স্বাধীন রাজা ক্ষমতায় এসেছেন (১৪১৭ সালে)। ইতিহাসকে নির্মোহভাবে পাঠ করতে হলে এসব তথ্য অবজ্ঞা করা যাবে না।

ছ] বাংলায় ইসলামের বিকাশকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ছাড়াই খলজিদের মতো যোদ্ধা দলের কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে পর্যবেক্ষণের আরেকটা বিপদের দিক হলো, এতে ধরে নেওয়া হয়, এই ধর্ম তার আধ্যাত্মিক ও সামাজিক সামর্থ্যের ওপর দাঁড়িয়ে তলোয়ার বা রাষ্ট্রীয় মদদ ছাড়া প্রচারিত ও বিকশিত হতে সক্ষম নয়। এটা এক অর্থে ইসলামকে ‘রিলিজিয়ন অব সোর্ড’ বলে যেভাবে খণ্ডিত প্রচার রয়েছে, তাকে মেনে নেওয়া। বাংলায় ইসলামের ইতিহাস নিয়ে খ্যাতনামা গবেষকদের ভাষ্যগুলোর সঙ্গে এ রকম পর্যবেক্ষণ একদম মেলে না। এমনকি জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনসম্মতও নয় (২ : ২৫৬)।

জ] মিনহাজ-ই-সিরাজ যদিও বলেছেন, নদীয়া ও গৌড়ে অভিযান শেষে ‘বখতিয়ার খলজি অনেক মসজিদ, খানকা ইত্যাদি নির্মাণ করেছেন’ কিন্তু তার ন্যূনতম কোনো অবশেষ চিহ্নের কথা প্রত্নতাত্ত্বিক জরিপে পাওয়া যায় না। গৌড় ও পাণ্ডুয়ায় ১২৩১ সালের আগের কোনো স্থাপনার ধ্বংসাবশেষ বা শিলালিপির কথা এখনো জানা যায় না, যা থেকে এ স্থানকে সেকালের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বলে মনে হতে পারে। গৌড়ে পাওয়া সবচেয়ে প্রাচীন শিলালিপিটি ১২৩১ সালের, যা একটা কূপ খননের ফলক। ৬ তা ছাড়া যদি মিনহাজ-ই-সিরাজের এই বিবরণকে সত্য মানতে হয়, তাহলে এ-ও মানতে হয়, ‘অনেক মসজিদ’ স্থাপনের মতো বড় সংখ্যায় মুসলমান জনগোষ্ঠী বখতিয়ারের আগে থেকে নদীয়া ও সন্নিহিত অঞ্চলে আগে থেকেই ছিল।

ঐতিহাসিক চরিত্র হিসেবে বখতিয়ার খলজি সম্পর্কে প্রচার ও অপপ্রচার

বখতিয়ার খলজি সম্পর্কে উপরিউক্ত বিবরণ পাঠের সময় এটা মনে রাখা জরুরি, বঙ্গের ইসলাম প্রসারের মতো তিনিও নানানভাবে ভুল প্রচারণার শিকার। বিশেষ করে মগধের অনেক ধ্বংসলীলার সঙ্গে তাঁকে যুক্ত করা হয় পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়াই। ফলে ইতিহাসের ওই সময়টা পাঠ করতে গিয়ে আমরা আসলে দুটি সমস্যায় পড়ছি—একদিকে ইসলাম বিস্তৃতির আলোচনা চলে যায় তরবারিবাদের বিবরণের দিকে; আবার বখতিয়ারকে অযথা কালিমালিপ্ত করতে গিয়ে সত্য-মিথ্যার মিশেলে অনেক ধ্বংসলীলার কাহিনি হাজির করা হয় তাঁর নামে। এই দুই বিপরীতমুখী প্রবণতা সামলিয়ে বিহার ও বাংলার ইতিহাসে বখতিয়ারের ভূমিকার একটা নির্মোহ ভাষ্য দাঁড় করানো জরুরি। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জন্য এই অঞ্চলে ইসলাম প্রচারের প্রশ্নে তৎকালীন সমাজের একটা সম্ভাব্য সঠিক ছবি খুঁজে পাওয়া। কাজটি সহজ নয়। কারণ, ইতিমধ্যে আমরা এমন এক জ্ঞানতাত্ত্বিক পরিসরে আছি, যেখানে একদিকে তরবারিতত্ত্ব কেবল কবিতায় নয়; গদ্যেও বিপুলভাবে স্তূপ হয়ে আছে, আবার বখতিয়ার-ঘৃণারও আধিক্য সীমাহীন। (আবিদ ২০০৭: ১৩৯) যাঁরা বখতিয়ারকে বিশিষ্ট জিহাদি হিসেবে দেখাতে চেয়েছেন,  তাঁদের বিবরণে যেমন সত্য, অর্ধসত্য এবং অসত্যের ব্যাপক মিশ্রণ ঘটেছে, তেমনি আরেক দল তাঁকে শুধু নিষ্ঠুর দস্যু হিসেবে দেখাতে গিয়েও তখনকার সামগ্রিক পরিস্থিতির বিশ্লেষণ অবহেলা করেছেন।

দক্ষিণ এশিয়ার ইতিহাসচর্চায় বখতিয়ারকে আফগানিস্তান থেকে আগত দেখানো হলেও খলজি ট্রাইব মূলত তুর্কি অঞ্চলের। তবকাত-ই-নাসিরীর ইংরেজি অনুবাদক রেভার্টির স্পষ্ট বিবরণ রয়েছে এ বিষয়ে। তখনকার তুরস্ক থেকেই এদের একাংশ আফগানিস্তানে আসে। তারপর বিভিন্ন আক্রমণকারী সৈন্য দলের হয়ে ভারতে এদের আগমন। আফগানিস্তানে এরা মূলত যাযাবর পশুচারণা পেশাজীবী হিসেবে পরিচিত। ১০০০ খ্রিষ্টাব্দের দিকে এরা আফগানিস্তানে আসে। আফগানিস্তানে এরা গিলজি বা গিলজাই নামেও উচ্চারিত ছিল। ওই ‘গিলজাই’ ভারতবর্ষে এসে ‘খলজি’ রূপে উচ্চারিত।৭ প্রাথমিকভাবে অন্য শাসকদের সৈনিক হিসেবে এবং সমর কৌশলে দক্ষ হওয়ায় পরে নিজেরাই ‘শাসক’ হয়ে ওঠার আকাঙ্ক্ষার বাইরে তাদের চরিত্রে ‘জিহাদি’ গৌরব আরোপ ইতিহাসসম্মত নয়।

বখতিয়ারের মতোই তথ্য-বিকৃতি দেখা যায় বাংলায়, তিনি যাকে ‘পরাজিত’ করেন বলে প্রচারিত হয়, সেই লক্ষ্মণ সেন সম্পর্কেও। বলা হয়, লক্ষ্মণ সেন ‘হিন্দু রাজা’ ছিলেন। কার্যত তিনি বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তথ্য হিসেবে এটা হয়তো সামান্যই গুরুত্বপূর্ণ। তবে তবকাত-ই-নাসিরী কিন্তু এ-ও জানাচ্ছে, লক্ষ্মণ সেন রাজা হিসেবে ‘দানশীল’ ও ‘ঔদার্য’-এর প্রতীক ছিলেন। আল মাহমুদ লক্ষ্মণকে ‘জালিম’ হিসেবে উল্লেখ করলেও মিনহাজ-ই-সিরাজ তাঁকে ‘মহান ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। লক্ষ্মণ সেন সম্পর্কে তিনি এ রকম লিখেছেন :

কোনো কোনো বিশ্বস্ত লোকের বর্ণনায় এমন পাওয়া যায়, যেন ছোট বা বড় কোনো অত্যাচার তিনি কোনো দিন করেননি। একালের হাতেম দয়াশীল সুলতান কুতুব-উদ-দীনের (তাবসারাহ) মতো তিনি দাতা ছিলেন এবং কেউ তাঁর কাছে প্রার্থনা করলে তিনি তাঁকে এক লক্ষ মুদ্রা দান করতেন। এ বর্ণনা আছে যে, ওই দেশে চিতল বা জিতল-এর পরিবর্তে কড়ির প্রচলন ছিল। কমপক্ষে এক লক্ষ কড়ি তিনি দান করতেন। (সাঈদ)

বখতিয়ারের জন্য আমরা যদি মিনহাজ-ই-সিরাজকে সত্য মানি, তাহলে লক্ষ্মণ সেন সম্পর্কে না মানা স্ববিরোধিতা। তবে এ প্রশ্নও ওঠে, এত ভালো রাজা হলে লক্ষ্মণ সেন নদীয়ায় হেরে গেলেন কেন? এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, বখতিয়ারের নদীয়া আগমনকালে লক্ষ্মণ সেন ছিলেন অতিবৃদ্ধ। তাঁর পক্ষে এ সময় বিশাল সাম্রাজ্যের ঐক্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছিল। বাংলার বিভিন্ন প্রান্তে বখতিয়ার আসার আগেই অন্তত তিনজন স্থানীয় শাসক লক্ষ্মণ সেনের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অর্থাৎ লক্ষ্মণ সেনের সাম্রাজ্য বখতিয়ার আসার কালে পর্যুদস্ত হওয়ার অপেক্ষাতেই ছিল। (মিনহাজ ২০১৪: ২৫)

দ্বিতীয়ত, নদীয়া (নওদীহ বা নবদ্বীপ) সেনদের ক্ষমতার ভরকেন্দ্রও ছিল না। যদিও মিনহাজ-ই-সিরাজ একে ‘রাজধানী’ বলেছেন, কিন্তু ‘সমগ্র নবদ্বীপে এমন কোনো প্রত্নকীর্তির চিহ্ন নেই, যাতে করে ধারণা করা যেতে পারে যে লক্ষ্মণ সেনের মতো প্রবল প্রতাপশালী নৃপতির শাসনকেন্দ্র বা কয়েক বছরের অবস্থান সেখানে ছিল।’৮ গঙ্গাতীরে অবস্থিত নবদ্বীপ বা নদীয়া ছিল তখন হিন্দুদের একটা ‘পুণ্যস্থান’। (সরদার ২০১৯: ৯৩) গঙ্গার মূলস্রোত তখন ভাগীরথী দিয়ে প্রবাহিত হতো। ‘বৃদ্ধ রাজা সেখানে ধর্মকর্মে নিয়োজিত ছিলেন।’ ৯ শাসক হিসেবে সেনদের ক্ষমতার বড় ভরকেন্দ্র ছিল বিক্রমপুর বা সোনারগাঁ। সেটা বখতিয়ার খলজির নদীয়া অভিযানের পরও যে অব্যাহত ছিল, সেটা আগেই বলা হয়েছে। বঙ্গ ছাড়াও লক্ষ্মণ সেনের রাজ্য মিথিলা (উত্তর বিহার), রাঢ়, বরেন্দ্রসহ আরও বহু স্থানে বিস্তৃত ছিল।(সরদার ২০১৯: ৯১)

বখতিয়ার ও লক্ষ্মণ সেন সম্পর্কে উপরোক্ত চিত্র আমাদের এটাই জানায়, ঘোড়া ও তরবারিতত্ত্ব একদিকে যেমন এই উভয় ঐতিহাসিক চরিত্র সম্পর্কে আবেগনির্ভর অনেক বাড়তি তথ্য ছড়িয়েছে, তেমনি অনেক বাস্তব তথ্য আড়াল করেছে।

এ রকম আবেগনির্ভর একপেশে ইতিহাসচর্চার সূত্রেই এটাও ছড়ানো হয়, বখতিয়ার খলজি বিহার অভিযানকালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। বাস্তবে নালন্দা ধ্বংস হয় ১১৯৩ সালে, আর বখতিয়ারের বিহার অভিযান ছিল আরও দুই বছর পর। ১০ বখতিয়ার খলজি ভারতবর্ষেই ঢোকেন ১১৯৫ সালে। তবে নালন্দা ধ্বংসে যুক্ত না থাকলেও তিনি বিহার বা মগধের ওদন্তপুরীর একটা শিক্ষালয় (বিহার) ১১৯৯ সালে ধ্বংস করেছিলেন। নালন্দা ধ্বংসে বখতিয়ার যেমন নির্দোষ তেমনি ওদন্তপুরীর ঘটনায় বখতিয়ারের ভূমিকা নিয়ে নিশ্চুপ থাকারও সুযোগ নেই। এটা মোটেই কোন ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেন।

ওদন্তপুরী স্থানটি নালন্দা থেকে দূরে অবস্থিত ভিন্ন জায়গা। ওখানকার অভিযানগুলো থেকে পাওয়া ধন-সম্পদ দিতেই বখতিয়ার খলজি ১২০৩ সালে কুতব-উদ-দীন আইবেকের কাছে গিয়েছিলেন। এ বিষয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এভাবে ধন-সম্পদ সংগ্রহ ও তা ঊর্ধ্বতন শাসকদের নজরানা হিসেবে দেওয়ার সঙ্গে ধর্মপ্রচার বা জিহাদের যে সামান্যই সম্পর্ক, সেটা বলাই বাহুল্য। ১১ বখতিয়ারের মতোই কুতব-উদ-দীন আইবেকও ছিলেন তুর্কি। উপমহাদেশে তুর্কিদের এরূপ সমরবাদিতাকে ‘ইসলামের জয়-পরাজয়-বিজয়’ হিসেবে দেখার যে রেওয়াজ আমরা ইতিহাসসূত্রে পাই, সেটা প্রকৃতপক্ষে উপমহাদেশের ইসলামের ইতিহাসের বড় এক ভ্রান্তিপূর্ণ অধ্যায়। তুরস্ক বা আফগানিস্তানের যোদ্ধাদের বাংলার অভিযান ও দখলকে আমরা যদি ‘ইসলামের প্রতিষ্ঠা’ বা ‘মুসলমানদের শাসনের শুরু’ হিসেবে দেখি, তাহলে এর ৫৫৫ বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা বাংলায় সিরাজ-উদ-দৌলার পরাজয় ও বিতাড়নকে দেখতে হয় ‘বাংলায় খ্রিষ্টানদের শাসন’-এর প্রতিষ্ঠা হিসেবে! সাড়ে পাঁচ দশকের ব্যবধানে ‘ক্ষমতা দখল-বেদখলের’ এই উভয় অধ্যায় অনেক সমরূপতা নির্দেশ করে কিন্তু তাকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করা দুরূহ।১২

বাংলায় ইসলামের প্রচার-প্রসার : কিছু সাধারণ বিবেচনা

নির্মোহভাবে ও সম্প্রদায়গত পক্ষপাতের বাইরে দাঁড়িয়ে বাংলায় ইসলামের প্রসার সম্পর্কে অনুসন্ধানের চেষ্টা খুবই অল্প। কারণ হিসেবে তথ্য, উপাত্ত এবং সাক্ষ্য-প্রমাণের অপ্রতুলতার কথা বলা হয়। সেটা অসত্য নয়। ফলে ধর্ম প্রসারের ইতিহাসের জায়গা দখল করে রেখেছে রাজা-বাদশাহদের শাসনের কাহিনি। এখানে ইসলামের বিস্তৃতিতে বিশেষ ধরনের এক সামাজিক-অর্থনৈতিক পরিবেশের সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য আকুলতা যে বড় ভূমিকা রেখেছে, সেটা বাংলার ভেতরকার স্বল্প কয়েকজন অনুসন্ধানকারী কেবল গুরুত্ব দিয়ে দেখেছেন এ পর্যন্ত। ভারতবর্ষের অন্যান্য স্থানের মনীষীরা এবং বিদেশের অনেক গবেষক বরং অধিক হারে সে রকম পরিশ্রমসাধ্য কাজগুলো করেছেন এবং করছেন। এ রকমই এক লেখায় মানবেন্দ্রনাথ রায়ের মন্তব্য ছিল, ইসলামের একেশ্বরবাদের মাঝে একটি শক্তিশালী সমাজ গঠনের সুদূরপ্রসারী সম্ভাবনা দেখেছিল স্থানীয় সমাজ। (বলখম্যান ১৮৭৩: ২১১) ভবিষ্যৎ সমৃদ্ধির স্বার্থে তাঁদের দরকার ছিল আধ্যাত্মিক ঐক্য। ইসলাম এখানে পুরোনো সমাজের সেই অসমাপ্ত কাজের সমাধা করেছে। নতুন ‘বিশ্বাস’কে স্থানীয়রা দেখেছিল নতুন সমাজবিপ্লবের বীজ হিসেবে। এর পরিবর্তে ইসলামকে কেবল যুদ্ধবিগ্রহের ফল হিসেবে দেখলে বাংলার সমাজ-ঐতিহ্যের প্রতি প্রবল অবিচার করা হয়। ইসলাম আবির্ভাবের রাজনৈতিক তাৎপর্য তাতে বাদ পড়ে। ঘোড়া ও তরবারিবাদ ইসলামের স্থানীয় ধরনের তাৎপর্যের সামান্যই বুঝতে সক্ষম।

এ লেখায় এর আগে বাংলায় ইসলাম প্রচারের কয়েকজন আরব বুজুর্গের নাম উল্লেখ করেছি আমরা। উপমহাদেশে ইসলামের প্রচারের প্রাথমিক উদ্যোগগুলো যে একপর্যায়ে এ রকম আরবদের থেকে যুদ্ধ ও লুণ্ঠনপ্রিয় কোনো কোনো তুর্কি ও আফগান আগ্রাসীর হাতে মলিন হয়েছে, সেটা অস্বীকারের সুযোগ নেই। এটাও সত্য, আরবদের তরফ থেকেও ইসলামের ইতিহাসে যুদ্ধের প্রবল ইতিহাস আছে। আশপাশের অঞ্চলে আরবদের সেই যুদ্ধগুলো ছিল আসলে জরাগ্রস্ত নানান রাষ্ট্রকাঠামো ধ্বংস করে বহুকালের গোত্রযুদ্ধের অবসান ঘটিয়ে সেখানে বাণিজ্য বিকাশের উপযোগী নতুন শক্তিশালী রাষ্ট্র গড়ার প্রকল্প। সেই ইসলামের মাঝে আছে আব্বাসীয় খলিফাদের হাতে বাগদাদে থেকে, ফাতেমীয়দের সময় উত্তর আফ্রিকাজুড়ে এবং উমাইয়াদের মাধ্যমে স্পেনে জ্ঞান-বিজ্ঞান চর্চার বিস্ময়কর সব আয়োজনের কথা।

অন্যদিকে উপমহাদেশে তুর্কি-আফগানদের অভিযানগুলো ছিল স্পষ্টত সাম্রাজ্য দখল ও নিজস্ব ক্ষমতা কায়েম। এটা নেহাতই ভিন্ন চরিত্রের অভিযান। যদিও এতে ধর্মীয় আবরণ দিয়েছেন কিছু লেখক-গবেষক। বাংলায় ইসলামের বিস্তৃতির প্রধান কারণ সেটা নয়। প্রধান পদ্ধতিও সেটা ছিল না। ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তরকরণের ধারণা অবশ্যই গৌরবেরও নয়। লুটপাট ও ধর্ম প্রচার ইসলামের প্রাথমিক নির্দেশনার সঙ্গেও সাংঘর্ষিক। ‘ফৌজে এলাহি’দের (খোদার সৈনিক) জন্য খলিফা আবু বকরের নসিহত ছিল, ‘ফলের গাছও নষ্ট করা যাবে না, খাদ্যশস্য এমনকি পশুও নয়।’ আশ্রমবাসীদের প্রতিও কদাচিৎ কঠোর হবে।” (মানবেন্দ্রনাথ ২০১৫: ৩১)

অথচ বখতিয়ার খলজি কী করলেন? তবকাত-ই-নাসিরী থেকে বিহারের ওদন্তপুরী অভিযানের ঘটনার বিবরণ তুলে ধরা হলো সংক্ষেপে (মিনহাজ-ই-সিরাজের মূল বিবরণের ইংরেজি তর্জমাও নিচে রেফারেন্স হিসেবে থাকল পাঠকের বিবেচনার জন্য)।১৩

বিহারের শহর ছিল দুর্গ দ্বারা সুরক্ষিত। সেখানে গুছিয়ে আক্রমণের আগে লুটপাটের অংশ হিসেবে বখতিয়ার বিভিন্ন স্থানে হানা দিতেন। বিশ্বাসী সহযোগীরা তাঁর সঙ্গে থাকত। এ রকম এক সময়েই দুর্গসদৃশ একটা স্থানে দুই শ ঘোড়া সওয়ারিসহ হঠাৎ আক্রমণের ঘটনা ঘটে। সে সময় ফারগানার বেশ শিক্ষিত দুই ভাইও এই অভিযানে ছিল। এদের একজন নিজাম উদ দীন, আরেকজন শামশাম উদ দীন। এদের একজনের সঙ্গে ৬৪১ হিজরিতে কথা বলেই এই বিবরণ লিখছি। দুর্গসদৃশ জায়গাটিতে আক্রমণকালে বখতিয়ার একটা গুপ্ত দরজা দিয়ে সেখানে ঢুকে গেলেন। প্রচুর সম্পদ পাওয়া গেল। এখানে অধিবাসীদের বড় অংশ ছিল ব্রাহ্মণ। তাদের মস্ত   ক মুণ্ডিত ছিল। সবাইকে হত্যা করা হয়। প্রচুর কিতাব দেখা গেল। এসব বইয়ের অর্থ উদ্ধারের জন্য কিছু হিন্দুকে ডাকা হলো। সেই হিন্দুদেরও মেরে ফেলা হলো। বইগুলোর বিবরণ থেকে বোঝা গেল, এই দুর্গ ও শহরটি আসলে একটা বিদ্যাপীঠ।

অনেক ভারতীয় গবেষক এই ঘটনাকে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সঙ্গে মিলিয়ে ফেলেন। ওদন্তপুরী নালন্দার কাছাকাছি বিহার শরিফ নামে একটা জায়গা। মূল নালন্দা বিশ্ববিদ্যালয় নয় মোটেই। অর্থাৎ বখতিয়ার ও তার বাহিনী নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেননি। সেটা বৌদ্ধ ও হিন্দুদের দ্বন্দ্বে ভিন্ন সময় ভিন্ন কারণে পোড়ে। আপাতত সেই আলোচনা থাক। তবে এটা আড়াল করার সুযোগ নেই, ওদন্তপুরীতে বখতিয়ারের  মাধ্যমেও অন্যায়ভাবে বড় ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রশ্ন উঠতে পারে, এটা কি ‘জিহাদ’ হতে পারে? ‘বখতিয়ারে ঘোড়া’য় আমরা জিহাদেরই উল্লেখ পাই।

ওপরে সমর অভিযানে ইসলামের প্রথম খলিফার ধ্বংসবিরোধী যে নির্দেশনার উল্লেখ করা হয়েছে, সেটা প্রকৃত প্রস্তাবে ইসলামের মূল অন্তর্নিহিত তাৎপর্যকে ধারণ করে আছে। এর একটা চমৎকার ব্যাখ্যা দেন এম এন রায় এভাবে :

‘মূল মতবাদই ইসলামকে সহিষ্ণু করেছে। ইসলাম একথা বিশ্বাস করে, সমস্ত জগৎ তার দোষত্রুটি নিয়ে এক খোদারই সৃষ্টি।...এই ধর্মমত কোনো দিনই অনুসারীদের একথা শেখায় না যে কোন ভ্রান্তগোষ্ঠী কোনো দুর্বৃত্ত ঈশ্বরের সৃষ্টি এবং সে জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যারা পূজা-অর্চনা করে থাকে, মুসলমানদের দৃষ্টিতে তারা ভ্রান্ত হতে পারে, কিন্তু এক খোদারই সন্তান। সে জন্য তারা ভ্রাতৃস্থানীয়। তাদের ‘সৎ পথে আনা’ ইসলামেরই কর্তব্য বটে, কিন্তু যত দিন তারা স্বেচ্ছায় মুক্তির পথ বেছে না নেয়, তত দিন সহজভাবেই তাকে ছেড়ে দিতে হবে।’

বলা বাহুল্য, বখতিয়ার খলজির বহুল আলোচিত মগধ অভিযানে আমরা এ রকমটি দেখি না।

আর বাংলায় কী ঘটেছিল? এখানে কি ইসলাম তার মূল শিক্ষা ছেড়ে তরবারির মাধ্যমে এগিয়েছে? প্রশ্নটি এভাবেও তোলা যায়, এখানে ইসলামের বিস্তৃতি কীভাবে ঘটেছিল? ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ আকবর আলি খান তাঁর ২০১৮ সালের এক বক্তৃতায় এই প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর চিহ্নিত করে সব কটির একরূপ ময়নাতদন্ত করেন। বাংলায় ইসলাম প্রসারের সম্ভাব্য সেই চারটি উত্তর হতে পারে :

ক. ইসলাম ধর্ম প্রসারে মুসলমান শাসকেরা ভূমিকা রেখেছেন;
খ. ব্রাহ্মণ্যবাদের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে নিম্নবর্ণের প্রতিবাদ হিসেবে আগের ধর্মত্যাগ ঘটেছে;
গ. হিন্দু শাসকদের উৎপীড়ন থেকে বাঁচতে বৌদ্ধরা ব্যাপক হারে ইসলামে দীক্ষা নিয়েছে; এবং
ঘ. পীর-দরবেশদের মাধ্যমে নতুন ধর্মের প্রসার ঘটেছে।

ওপরের চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে ইসলামের প্রসারে সবচেয়ে কম ভূমিকা শনাক্ত হয় প্রথম পদ্ধতিতে। ভীতি প্রদর্শন বা নিপীড়নের মাধ্যমে নতুন ধর্মে দীক্ষার নজির বিরল না হলেও তার উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায় না বাংলায়; এমনকি অন্যত্রও। দিল্লি ও উত্তর ভারতের উদাহরণ দিয়েছিলাম আমরা ওপরে। ক্ষমতার উত্তাপে গণহারে কোনো নতুন ধর্মের প্রসার ঘটলে উত্তর ভারতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ থাকত। ইসলাম প্রসারে যোদ্ধাদের ভূমিকা-তত্ত্ব এমনকি এমন প্রশ্নেরও উত্তর দিতে পারে না যে মুর্শিদাবাদ, মালদা, নদীয়া ও ঢাকার মতো মুসলমান শাসকদের অবস্থানের প্রধান প্রধান অঞ্চল থেকে নোয়াখালী-চট্টগ্রামের মতো দূরবর্তী অঞ্চলে কেন মুসলমানদের সংখ্যাগত প্রসার অধিক। ১৮৮১ সালের শুমারিতেও দেখা গেছে, মুর্শিদাবাদ ও নদীয়ায় যখন মুসলমানদের হিস্যা যথাক্রমে ৪৮ ও ৫৬ শতাংশ, নোয়াখালী ও চট্টগ্রামে তখন সেটা ৭৪ ও ৭১ শতাংশ। শেষোক্ত অঞ্চলগুলো নতুন ধর্মের প্রসারে এগিয়ে গেল কেন?১৪ এমনকি সুদূর ভেনিস থেকে আসা পর্যটক সিজার ফেডেরিসি সন্দ্বীপের মতো স্থানে কেন ‘প্রায় পুরো জনসংখ্যা মুসলমান’ পেলেন? (উদ্ধৃত, ইটন ২০০৮: ১৬৮) তরবারি কাজ করলে অন্তত ১৮৮১ সাল পর্যন্ত বাংলায় ‘শাসক শ্রেণী’র সংখ্যালঘু হয়ে থাকার কোনো কারণ থাকতে পারে না।

আকবর আলি খানের মতে, ব্রাহ্মণবাদের উৎপীড়নে নিম্নবর্ণের মানুষের দলে দলে সাম্যবাদের খোঁজে ইসলাম গ্রহণের ধারণাও এই কারণে বিশেষ সমর্থন করা যায় না যে এ রকম সমস্যা ভারতের অন্যত্রও ছিল। কিন্তু সেসব অঞ্চলে ব্যাপক ধর্মান্তরের নজির নেই। ১৮৭২ সালের প্রথম শুমারিতে যে চারটি এলাকায় মুসলমানদের ঘনত্ব বেশি দেখা গেছে, সেগুলো ছিল পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও বালুচিস্তান। (ইটন ২০০৮: ১৫২) তা ছাড়া বাংলায় মুসলমান সমাজেও বর্ণপ্রথার প্রবল প্রভাব ঢুকে পড়েছিল আশরাফ, আতরাফ, আরজল ইত্যাদি শ্রেণিভেদের মাধ্যমে।১৫ একই রকমভাবে সেনবংশসহ অন্যান্য হিন্দুর দ্বারা বাংলার বৌদ্ধদের উৎপীড়িত হওয়ারও ব্যাপক কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। ফলে ইসলামের পতাকাতলে গণহারে বৌদ্ধরাও শামিল হয়েছে—এমন সাক্ষ্য মেলে না।১৬ বরং বাংলায় ইসলামের প্রসারে চতুর্থ ধারণা, তথা পীর-আউলিয়াদের ধীরলয়ের ভূমিকাই প্রবল দেখা যায়। এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, ভারতের অন্যান্য অঞ্চলেও খাজা মঈনুদ্দীন চিশতী, আলী কলন্দর, কুতুবুদ্দিন, নিজামুদ্দিন প্রমুখ প্রভাবশালী পীর থাকার পরও বাংলায় কী কারণে পীরদের সফলতা অধিক বলে ধরতে হবে? এর উত্তর হিসেবে আকবর আলি খান বাংলার গ্রামের গড়নকে চিহ্নিত করেন। গবেষক অসীম রায় এ বিষয়ে যেটা বলেন (রায় ১৯৮৩: ৪২), পীর ও দরবেশরা বাংলায় প্রকৃতির রুদ্ররোষের শিকার মানুষকে সংঘবদ্ধকারী শক্তি হিসেবে ভূমিকা রেখেছিলেন। একটা বন্ধন সৃষ্টিকারীর চরিত্র ছিলেন তাঁরা। স্থানীয় সমাজের আধ্যাত্মিক প্রয়োজন মেটাতে পেরেছিলেন তাঁরা— অস্থিতিশীল ভৌগোলিক পরিবেশে অসহায় মানুষের যা দরকার হয়। রিচার্ড এম ইটনও বাংলায় পীরদের অনুরূপ ভূমিকার স্বীকৃতি দিয়ে তাঁদের তিনটি প্রয়োজনীয় ও কার্যকরী বৈশিষ্ট্যের কথা জানান। সেগুলো হলো সম্মোহনী শক্তি, সাংগঠনিক দক্ষতা ও চাষবাস সম্পর্কে পরামর্শ। এতে তারা স্থানীয়দের আধ্যাত্মিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিরও পথ দেখান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবেক অধ্যাপক সুশীল চৌধুরী এই প্রক্রিয়াকে এভাবে শনাক্ত করেছেন :

বাংলায় ইসলামের আবির্ভাব এবং উত্থানে কৃষির বিকাশ ও নদীগুলোর গতিপথ পরিবর্তনের কারণে জনবসতি স্থানান্তরের একটা ভূমিকা ছিল। বিশেষ করে পূর্ব বাংলায় ঐতিহাসিক এই প্রক্রিয়াকে আমাদের বিবেচনায় নিতে হবে। এখানে গণধর্ম আকারে ইসলামের বিকাশে যেসব ঐতিহাসিক প্রক্রিয়া কাজ করেছে, তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এর ফলে বাংলায় কৃষির ভরকেন্দ্র পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলের প্রান্তিক দিকে সরে গিয়েছিল। এরই চূড়ান্তরূপ দেখি আমরা যখন পদ্মার সঙ্গে যুক্ত হয়ে যায় গঙ্গা। এতে করে গঙ্গার মূলস্রোত পূর্ব বাংলার ভেতর দিয়ে বইতে শুরু করে। অঞ্চলটি তখন তুমুল উর্বর হয়ে ওঠে। এর নিম্নাঞ্চলে ব্যাপক বিস্তার ঘটে বন ও ঝোপঝাড়ের। এ সময় ক্রমে বাংলার অন্য জায়গা থেকে দরিদ্ররা বিস্তীর্ণ বনাঞ্চলের দিকে সরে যেতে থাকে। ইতিমধ্যে সেখানে ঝোপঝাড় বন সরিয়ে আবাদে লিপ্ত হয়ে গিয়েছিলেন পীর, গাজী, সুফিদের দল। যাঁরা সেখানে ‘সাংস্কৃতিক মধ্যস্থকারী’র ভূমিকা পালন করছিলেন। এই প্রক্রিয়াতেই পূর্ব বাংলার নতুন বসতি স্থাপনকারীরা ইসলামের পরিসরে প্রবেশ করে—তাদের পুরোনো সাংস্কৃতিক উত্তরাধিকারসহ। ফলে আমরা দেখব, যেটা অন্যত্র ঘটেনি—পূর্ব বাংলার ইসলামে স্থানীয় অতীত সংস্কৃতির প্রবল জের ছিল এবং এখানকার কৃষিজীবীদের কাছে ইসলামকে কখনো বিদেশি কিছু মনে হয়নি। অন্তত ইসলাম বিস্তৃতির প্রাথমিক দিনগুলোতে। (চৌধুরী ২০১৩: ৩)

এই ধরনের বিবরণের অন্যতম উৎস আসলে রিচার্ড ইটনের বিখ্যাত গবেষণা। ইটন অনেকটা জেলা ধরে ধরে এ রকম বর্ণনা দিয়েছেন। সেখানে বাগেরহাটের খানজাহান আলীর বিবরণ দিতে গিয়ে তিনি লিখেন :

দরবেশ খান জাহান ছিলেন বাগেরহাটের একজন পৃষ্ঠপোষক।...তাঁর স্মরণীয় কৃতিসমূহের মধ্যে রয়েছে স্থানীয় জঙ্গল পরিষ্কার করা, সেটা আবাদের জন্য প্রস্তুত করা, ইসলামের প্রসার ঘটানো এবং এলাকায় অনেক রাস্তাঘাট ও মসজিদ নির্মাণ।...তিনি অবশ্যই একজন কার্যকর নেতা ছিলেন। অঞ্চলটির পূর্বেকার ঘন বনকে ধানখেতে রূপান্তর করতে শ্রেয়তর সাংগঠনিক দক্ষতা ও প্রচুর জনশক্তির প্রয়োজন ছিল। একদিকে লোনাপানি সরিয়ে রাখার জন্য পানিপ্রবাহ বরাবর জমিতে বাঁধ দেওয়া, পানি মজুদের জন্য পুকুর খনন, শ্রমিকদের জন্য কুঠির তৈরি ইত্যাদি বহু কাজ ছিল। এসব সম্পন্ন করেই ধান চাষ শুরু হতো। না হলে নলখাগড়া ফিরে আসত। এসব ছিল কষ্টকর তৎপরতা। এসব কাজ কঠিন করে তুলত বাঘ ও জ্বরের উপস্থিতি। খানজাহান লোকদের স্থাপত্যের বিশাল কর্মকাণ্ডের দিকেও ধাবিত করেন। বিভিন্ন জরিপ তাঁকে অর্ধশতাধিক স্থাপনা তৈরির কৃতিত্ব দিয়েছে। আর লোক-ঐতিহ্য দাবি করে তিনি ৩৬০টি মসজিদ এবং সমসংখ্যক দীঘি বানিয়েছেন।... তাঁকে অঞ্চলের অসংখ্য সড়ক নির্মাণের কৃতিত্বও দেওয়া হয়।...সংক্ষেপে খানজাহানকে স্মরণ করা হয় শুধু বনের একজন অগ্রপথিক হিসেবেই নয়—একজন সভ্যতা নির্মাণকারী হিসেবেও। (ইটন ২০০৮: ২৫৩-২৫৪)

কেবল কৃষি ও অবকাঠামোগত নতুন ‘সভ্যতা’ নির্মাণই নয়, জেমস ওয়াইজ প্রান্তিক বাংলায় (রাষ্ট্রীয় সেবার অনুপস্থিতির মাঝে) পীরদের বিভিন্ন সেবাধর্মী কর্মসূচির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। সেগুলোর মধ্যে ছিল রোগ নিরাময় ও বিচারমূলক কাজ। হিন্দু-মুসলমাননির্বিশেষে এ রকম পীরদের অলৌকিক ক্ষমতার প্রতি আস্থাশীল ছিল। দূরদূরান্ত থেকে তাদের ‘মাজার’-এ নানান ধর্মের মানুষের আগমন তা নির্দেশ করত।

তবে শুধু এসব কারণেই বাংলার পীররা উত্তর ভারতীয় পীরদের চেয়ে বেশি সফল নন। তাঁদের সফলতা এনে দিয়েছিল (আকবর আলি খানের মতে) বাংলার গ্রামের উন্মুক্ত চরিত্র। এর প্রমাণ হিসেবেই দেখা যায় বঙ্গীয় বদ্বীপে প্রান্তিক অঞ্চলগুলোতে ইসলামের প্রসার ঘটেছে বেশি। ওই সব গ্রামের চরিত্র ছিল কেন্দ্রের চেয়ে অনেক উদার ও স্বাধীন। যেখানে ব্রাহ্মণ ছিল কম। ‘বিশ্বাস’ বদলের কারণে ত্যাজ্য হলে সেখানে পৃথক গ্রাম গড়বার মতো যথেষ্ট পরিসর ছিল। উত্তর ভারতীয় প্রাতিষ্ঠানিক চরিত্রের আঁটোসাঁটো গ্রামগুলোতে যা সম্ভব হতো না। মুসলিম শাসনের কেন্দ্রগুলো থেকে বহু দূরের অঞ্চলগুলোতে অধিক মুসলমানের দৃশ্যমান হবার এই চমকপ্রদ বিষয় খেয়াল করেই হেনরি বেভারলিও সিদ্ধান্ত দিয়েছিলেন, বাংলায় মুসলমানদের অস্তিত্ব বেড়েছে শাসকদের কারণে নয়, বরং কিছুটা বর্ণ শৃঙ্খল প্রভাবিত পরিবেশের কারণে। এসব উন্মুক্ত ও দুর্বল গঠনের গ্রাম থেকে ধর্মান্তর যতটা সহজ, উত্তর ভারতের কেন্দ্রীভূত গ্রামগুলোতে সেটা সম্ভব ছিল না। এ কারণেই বাংলায় পীর দরবেশদের সফলতার হার বেশি। (বেভারলি ১৮৭২: ১৩৩)

উল্লেখ্য, বেভারলি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম শুমারির পরিচালক তথা ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন। বাংলার সব প্রান্ত থেকে আসা তথ্য-উপাত্তগুলোর তাৎপর্য প্রকৃতই এমন এক বাস্তবতা, যা আজও তখনকার সমাজ বুঝতে অগ্রাহ্য করার মতো নয়। বেভারলি সেটাই কেবল সবাইকে জানিয়ে গেছেন দীর্ঘ এক বিবরণে ‘রিপোর্ট অন দ্য সেনসাস অব বেঙ্গল’ শীর্ষক ১৮৭২ সালের প্রকাশনায়। উদ্ধৃতি দীর্ঘ হলেও ওই রিপোর্ট থেকে কিছু চুম্বক কথা তুলে ধরা হলো এখানে:

৩৪৯. ...কৌতূহল বেড়ে গেল, যখন দেখা যাচ্ছে—মোগলদের সান্নিধ্য পাওয়া রাজধানীসুলভ এলাকাগুলো নয়, মুসলমানরা সংখ্যায় বেশি বাংলার অন্যত্র। এ রকম কিছু কিছু জেলায় তারা সংখ্যায় চার ভাগের তিন ভাগ। বগুড়ায় দেখা গেল পাঁচ ভাগের চার ভাগ।...অথচ গৌড়ের মালদায় ৪৬ শতাংশ। মুর্শিদাবাদে ৪৫...। অথচ বাকেরগঞ্জ-ত্রিপুরা-রংপুর-ময়মনসিংহে তারা দুই-তৃতীয়াংশ।...এসবই ইঙ্গিত করে বাংলায় মুসলমানরা সংখ্যায় বেড়েছে মোগলদের মতো শাসকদের আবির্ভাবের কারণে নয়; বরং সাবেক অধিবাসীদের মাঝে থাকা বর্ণপ্রথার কঠোর অসহিষ্ণুতার কারণে।...

৩৫০. বিশ্বাস করার কারণ ঘটেছে, নিম্নবর্ণ এবং বিভিন্ন ট্রাইব ইসলামে আকর্ষিত হয়েছে। ফরিদপুরে ও বাকেরগঞ্জে অনেক বড় সংখ্যায় চণ্ডাল, রংপুরে অনেক কোচ ইসলাম গ্রহণ করেছে। যাদের মর্যাদা রাজবংশীদের মতো ছিল না।...যেখানেই মুসলমানদের সংখ্যায় বেশি পাওয়া গেছে, সেখানেই এ-ও দেখা গেছে, কৃষিজীবী ও শ্রমজীবীরা বেশি।১৭ এটা একটা নিয়ম হিসেবে পাওয়া গেছে...

৩৫২. ...ইসলাম যখন বঙ্গের নিম্নাঞ্চলে আসে...তখন হিন্দুধর্ম একটা অনিশ্চিত ভিত্তির ওপর অবস্থান করছিল। তখন এটা কেবল ধর্ম হিসেবে নয়, এমন এক ব্যবস্থা হিসেবেও আসে, যার মাধ্যমে নিম্নবর্গীয়রা আগের অবজ্ঞার জীবনের পরিবর্তে পুরোনো প্রভুদের সমান না হলেও একরকম প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে শেখে।...ধর্মান্তরে এখানে শাস্তি বা ভয় দেখানোর ঘটনা বিরল।...পূর্বতন অবজ্ঞাসূচক অবস্থান থেকে রক্ষা পেতেই তারা ইসলামে আকর্ষিত হয়।

৩৫৩. বিদেশি রক্তের জোরে নয়, মুসলমানদের সংখ্যাবৃদ্ধি অন্য কারণে। এর জন্য যদি যদি আরও প্রমাণ চাওয়া হয়, তাহলে বলতে হবে, এখানে যারা মুসলমান হলো এবং সমপাটাতনের যারা হয়নি উভয়ের প্রথাসমূহ, গড়ন এক, চুল আঁচড়ানোর মতো বিষয়ও এক। তারা একই আধ্যাত্মিক শ্রদ্ধাস্থলে যায়। তারা প্রায় একই ধাঁচে প্রার্থনা করে। যদিও প্রভুর নাম ভিন্ন। এক দলের কাছে যা ‘সত্য নারায়ণ’, অন্য দলের কাছে তা ‘সত্য পীর;। কেবল ‘শেখ’ পরিচয়টি এই মুসলমানদের আলাদা করেছে। এটা দিয়ে বোঝা যেত সে ধর্মান্তরিত। (বেভারলি ১৮৭২: ১৩২-১৩৪)

লক্ষণীয়, বেভারলির বিবরণে তৎকালীন বাংলার ইসলাম সামাজিক মুক্তির একটা ছবি হাজির করে। পাশাপাশি বহুত্ববাদী একটা বাংলাকে দেখি আমরা সেখানে। এই দুটি ছবিরই ঐতিহাসিক মূল্য অনেক। এর সঙ্গে, ইতিহাসবিদ আব্দুল মমিন চৌধুরী বাংলার বিশেষ বিশেষ অঞ্চলে প্রাথমিক ইসলামের অগ্রযাত্রার পেছনে সেখানকার মানুষের চারিত্রিক নমনীয়তার বৈশিষ্ট্যকেও বিবেচনায় নেওয়ার কথা বলেছেন।১৮ তাঁর মতে, এ কারণেই বাংলার পশ্চিমাঞ্চলের পরিবর্তে অন্যান্য দিকে মুসলমানদের সংখ্যা বাড়ছিল দ্রুতলয়ে। অথচ সেসব এলাকা ছিল শাসকদের অবস্থান থেকে দূরের এলাকা। তাঁর এই বক্তব্য এমন সামাজিক ধারণাকেও সমর্থন করে যে কৃষিজীবী সমাজ বহির্জগতের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় কম।

উপরিউক্ত মতামতসমূহের সমর্থনসূচক বিবরণ আমরা পাব জেমস ওয়াইজের বিবরণ থেকেও। একদা (১৮৬৬-৬৮ সালে) ঢাকায় সিভিল সার্জন হিসেবে কাজ করে যাওয়া ওয়াইজ ১৮৮৩ সালে প্রকাশিত (মাত্র ১২ কপি মুদ্রিত!) তাঁর বিখ্যাত গ্রন্থটিতে লিখেছেন :

বঙ্গদেশে ১৮৭২ সালের লোক গণনা শেষে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। এতে দেখা যায় মুসলমানরা দক্ষিণবঙ্গে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠতা প্রাচীন বঙ্গের রাজধানীগুলোর সন্নিহিত এলাকা নয়। সমগ্র বদ্বীপের প্লাবনভূমিতে তারা সংখ্যাগরিষ্ঠ। ঢাকা, মালদা, মুর্শিদাবাদ ও পাটনায় মুসলমান সংখ্যা ছিল যথাক্রমে ৫৬, ৪৫, ৪৫ এবং ১২ শতাংশ। অন্যদিকে বাকেরগঞ্জ ও ময়মনসিংহের নদীবিধৌত অঞ্চলে তারা ছিল স্পষ্টভাবে অনেক সংখ্যাগরিষ্ঠ। লোকগণনার এ রকম তথ্য ছিল কল্পনাতীত।...প্রাচীন বঙ্গের ইতিহাস আমরা যত জেনেছি অষ্টাদশ শতাব্দীর পূর্বে মুসলমানদের চেয়ে হিন্দুরাই ছিল সংখ্যায় অধিক। (ওয়াইজ ২০০০: ২৩)

ওয়াইজ, ইটন, বেভারলি প্রমুখের এসব বিবরণ বাংলায় ইসলাম প্রচারে মধ্যযুগের মুসলমান শাসকদের অতি সীমিত ভূমিকার কথাই জানায়। সে ক্ষেত্রে আমরা কি সরাসরি এই উপসংহারেই পৌঁছাব—অসীম রায়, ইটন, আকবর আলি খান প্রমুখ যেমনটি বলেছেন—পীর-দরবেশদের মাধ্যমে এখানকার উন্মুক্ত গ্রামে সহজে ইসলাম প্রচারিত হয়েছে? তখন আবার প্রশ্ন ওঠে, আউলিয়া-দরবেশদের দ্বারা কারা আকর্ষিত হলো? নতুন ধর্মে কারা দীক্ষিত হলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইসলাম প্রসারের (উল্লিখিত চারটি বিকল্পে) দ্বিতীয় বিকল্পটিকে প্রথম বিকল্পের সঙ্গে মিলিয়ে উপসংহারে পৌঁছা যৌক্তিক হবে। অর্থাৎ পীররা এখানে সফল হয়েছেন একদিকে যেমন এখানকার প্লাবনভূমির উন্মুক্ত চরিত্রের গ্রামীণ ভূগোলের কারণে, তেমনি নিম্নবর্ণ এবং বর্ণচ্যুত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ব্রাহ্মণ্যবাদের কঠোর নীতির কারণেও। এ বিষয়ে ওয়াইজের বিবরণ এ রকম :

হিন্দুধর্ম উচ্চবর্ণ প্রভাবিত গ্রাম থেকে নিম্নবর্ণের অচ্ছুতদের নির্বাসিত করেছে। তাদের কঠিন কায়িক পরিশ্রম ও হেয় বৃত্তি গ্রহণে বাধ্য করা হয়েছে। বৃহত্তর নিম্নবর্ণের জনসাধারণ মানবেতর জীবনযাপন করতে ছিল বাধ্য। দীনতা হীনতা ছাড়া কিছুই তারা পায়নি। পুনর্জন্মবাদী ব্রাহ্মণেরা দলিতদের জন্য পরকালেও ভালো কিছু পাবার আশ্বাস দিতে পারেনি। অথচ মৌলানারা ইহলোকে ফললাভের আশ্বাসবাণী তো শোনাতেনই, পরলোকেও ন্যায়বিচারের কথা শোনাতেন। (ওয়াইজ ২০০০: ২৭)

ওয়াইজের এ বিবরণ পরবর্তীকালের বিভিন্ন শারীরতাত্ত্বিক জরিপ দ্বারাও সমর্থিত হয়। নৃতত্ত্ব ও পরিসংখ্যানবিদ্যার সমন্বয়ে এসব শ্রমসাধ্য গবেষণায় শরীরের গঠন, মাথার আকৃতি, ওজন, রক্তের গ্রুপ ইত্যাদির মাধ্যমে দেখা গেছে, বাংলার মুসলমানদের শরীরী মিল রয়েছে একই অঞ্চলের বর্ণ-বহির্ভূত হিন্দুদের (এর কিছু ব্যতিক্রম ছিল কেবল চট্টগ্রাম)।১৯ একই রকম সাক্ষ্য দেয় এ বিষয়ক নৃতাত্ত্বিক জরিপগুলোও। অর্থাৎ আমরা যদি মধ্যযুগের বাংলার বর্ণ-সম্পর্ক এবং পীর-দরবেশদের ভূমিকাকে সমন্বয় করি, তাহলে এখানে ইসলামের প্রসারের একটা বিশ্বাসযোগ্য পথনির্দেশ খুঁজে পেতে পারি বলেই মনে হয়। এর সঙ্গে মিলাতে পারি আমরা মমতাজুর রহমান তরফদারের সেই বিবরণকেও যেখানে তিনি প্রাক্-মধ্যযুগীয় বাংলায় নৌবন্দর এবং ময়নামতি-লালমাইয়ে পাওয়া আরবীয় মুদ্রার মধ্য দিয়ে বহির্বাণিজ্যের ইঙ্গিত দেন।২০ অর্থাৎ বখতিয়ার খলজির মতো যোদ্ধারা আসার আগেই কৃষিজীবী বাংলার সঙ্গে আরবের একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। প্রসঙ্গক্রমে বলা দরকার, প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া এসব মুদ্রা বাংলার প্রাথমিক মুসলমান শাসকদের চালু করা মুদ্রা থেকে ভিন্নতর।২১ শেষোক্ত মুদ্রাগুলো কেবল সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তৈরি হতো। বাণিজ্যিক লেনদেনের অংশ হিসেবে নয়। মুসলমান শাসকেরা দ্বিতীয় ধরনের মুদ্রার প্রচলন করে চৌদ্দ শতকের দিকে অনেকগুলো টাঁকশাল বানিয়ে। (মমতাজুর ১৯৮১: ৪, ১৩)

ইসলামের ইতিহাস সন্ধান ও বাংলার ইতিহাসের মুক্তি

বহিরাগত একজন শাসক হয়েও বাংলার ইতিহাসে বখতিয়ারের নায়ক হিসেবে চিহ্নিত হওয়া যে বাস্তবসম্মত নয়, সেটা দেখেছি আমরা ওপরে। প্রশ্ন হলো, এরপরও কেন তার জন্য এমন উন্মত্ত গর্ববোধ ছড়িয়ে পড়তে পারল। এর কিছু কারণ জ্ঞানতাত্ত্বিক, বড় কারণ অবশ্যই রাজনৈতিক। বাংলার ইতিহাস চর্চার এখনো বাংলায়ন হয়নি বলেই এমনটি ঘটতে পারে। স্থানীয় অতীতের আর্থসামাজিক-রাজনৈতিক আকাঙ্ক্ষার বিবরণের চেয়ে এখানে ‘ইতিহাসচর্চা’য় বিদেশি শাসকদের শৌর্য-বীর্যকে মহিমান্বিত করার চল। সেটা এ কারণেও যে এই অঞ্চলের শাসন সংস্কৃতি এখনো সংখ্যালঘু অভিজাত এবং সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের হাতেই রয়ে গেছে। তাদের জন্য বখতিয়ার বা লক্ষ্মণ সেনদের মতাদর্শ ও রাষ্ট্রদর্শন যতটা উপযোগী ও আরামদায়ক—নিম্নবর্গের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিবরণ ততটাই অস্বস্তিকর। খেয়াল করলে আমরা এ-ও দেখব, লক্ষ্মণ সেনকে হটিয়ে বখতিয়ারের আগমনে সন্তোষ থাকলেও ওই রকম কোনো রচনায় এ রকম কোনো অসন্তোষ দেখা যায় না যে বখতিয়ার বা মুসলমান রাজশক্তি বাংলার সমাজকাঠামোতে শোষণমূলক সামাজিক সম্পর্কের সামান্যই কোনো পরিবর্তন সাধন করেছে। নিজেদের প্রভাবের সুরক্ষায় শাসনতান্ত্রিক নতুন কিছু পদ্ধতির বিস্তারেই বিশেষ মনোযোগী ছিল তারা।

বাস্তবে সমরবাদ ও কর্তৃত্ববাদী রাষ্ট্রচিন্তার জায়গা থেকে সেন বা খলজিদের নীতিকৌশলে একালের শাসকেরা নিজেদের সম্ভাবনা, স্বস্তি ও স্থায়িত্ব দেখেন। ‘রাষ্ট্রীয়’ সীমার বাইরে দাঁড়িয়ে অতীত বাংলায় পীর-দরবেশ-বুজূর্গ-সন্ন্যাসী-বাউলদের নতুন সমাজ-নির্মাণ চেষ্টার দীর্ঘমেয়াদি ফলাফল বোঝার মতো বাংলার ইতিহাস হয়তো আজও সাবালক হয়নি। এই ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের বাংলার স্থানীয় জীবন্ত মানুষদের খুঁজে পাই না আমরা। তারই ছাপ পড়ে আমাদের সাহিত্যচিন্তায়, গতানুগতিক ভাবুকতায় এবং চর্চায়। কিন্তু এর মাঝে প্রবল এক বিপদের দিক আছে। হয়তো আছে হীনম্মন্যতা বোধও।

উত্তর ভারতের সেনরা বা আরও দূরের আফগান-তুর্কি থেকে আসা খলজিরাই যদি আমাদের ‘ইতিহাস’ এবং সেই ইতিহাসের প্রধান চরিত্র হয়ে থাকে, তাহলে বাংলার জাতীয় পরিচয় কীভাবে নির্মিত হবে? নতুন প্রজন্ম ‘বাংলার ইতিহাস’ হিসেবে কী জানবে বা জানছে? আমরা বাংলার বহিরাগত আক্রমণকারীদের কীভাবে দেখব? বহিরাগতের শাসনই কি বিশাল বাংলার শত শত বছরের ইতিহাস হয়ে থাকবে? আমাদের পাঠ্যপুস্তকগুলো কবে প্রকৃতপক্ষে আমাদের হবে? কবে সেগুলো হীনম্মন্যতা থেকে এই জাতিসত্তাকে মুক্তি দেবে? সেগুলোতে যদি বহিরাগত সেন ও খলজিরাই মহিমান্বিত থাকে, তাহলে বাংলার স্বকীয়তা থাকল কোথায়? আগ্রাসী শক্তিসমূহের জন্য গৌরব অন্যভাবে আবার বাংলায় ঐতিহাসিক সামাজিক-সন্ত্রাসকে গৌরবদানও বটে। অথচ গৌরবান্বিত হওয়া উচিত সেসব পদ্ধতি নিয়ে, যা দিয়ে স্থানীয় ‘সমাজ’ ওই বাইরের শাসকদের বিরুদ্ধে তাদের মতো করে প্রতিরোধ রচনা করেছিল। যেকোনো জনপদের যে নিজস্ব চৈতন্য থাকে, তার সঙ্গে আগ্রাসনকারীকে মহিমান্বিত করা মোটেই সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। এটা এমন এক বিপজ্জনক তাঁবেদারি, যা এখানকার সমাজের রাজনৈতিক অভিমুখকেও অস্পষ্ট করে রাখে।

শেষ কথা

প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষার বিভিন্ন স্তরে কিংবা আমাদের বহুল আলোচিত ইতিহাসবিষয়ক কিতাবসমূহে মধ্যযুগের বাংলা নানানভাবেই উপস্থিত। সেখানে যে বাংলাকে আমরা পাই, তার একরূপ কাব্যিক প্রকাশ আল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’। তিনি আমাদের মূলধারার ইতিহাসকে নিজের আবেগ, বিশ্বাস ও দর্শন দিয়ে একটি বিশেষ ভঙ্গিতে তুলে ধরেছেন ১৮৬ শব্দে। কাব্যের বিবেচনায় সফল হলেও সেই দেখা ইতিহাস-চৈতন্যের দিক থেকে কীভাবে সমস্যা তৈরি করে, সেটা দেখেছি আমরা এই আলোচনায়। এটা একই সঙ্গে বাংলার ইতিহাসবিদ্যার গভীর সংকটেরও একাংশ। বাংলার ইতিহাসের এই অসুস্থতা ইসলামের ইতিহাসকেও সংক্রমিত করতে উদ্যত, সেটাও আমরা কিছুটা আলোচনা করেছি। বাংলায় ইসলামের ইতিহাসের প্রকৃত অনুসন্ধান আসলে স্থানীয় সব জাতিসত্তার ইতিহাসের আরও বাড়তি অনুসন্ধানেরও অপরিহার্য অংশ। এটা রাজনৈতিক কাজও বটে। সেই ‘কাজ’ আত্মপরিচয়ের রাজনীতি নির্মাণের জন্য নয়; বরং আত্মপরিচয়ের সত্য খুঁজতে। যে ‘সত্য’ বর্তমান ‘বাংলা’কে চলতি আত্মপরিচয়ের টানাপোড়েনকে অতিক্রম করে যেতে সাহায্য করতে পারে।

এটা বাংলায় জ্ঞানচর্চার স্বাধীনতাযুদ্ধের মতোও। ইতিহাসের পরাধীনতা থেকে মুক্তি পেতেই হবে আমাদের। ভৌগোলিক স্বাধীনতার ৫০ বছর পূর্তির লগ্নে আমাদের ‘ইতিহাস’-এরও ‘মুক্তি’ দরকার। পাশাপাশি তার পুরাণধর্মী চরিত্রও বদলাতে হবে। ভৌগোলিক স্বাধীনতার পরও আমরা যখন অতীতের দখলদারদের শৌর্যবীর্যে মুগ্ধ, তখন অবশ্যই আমাদের চিন্তার ইতিহাসের দৈন্য নিয়ে পুনর্ভাবনা দরকার আছে।

আজকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলে বাংলাভাষীরা মুসলিম ‘উম্মাহ’র বড় এক অংশীদার। বৌদ্ধ ও হিন্দুপ্রধান একটা অঞ্চলে কীভাবে ইসলামের এত বিস্তৃতি ঘটল, তার কোনো আঞ্চলিক সাংস্কৃতিক বিশেষত্ব ছিল কি না, সে বিষয়ে সঠিক একটা বিবরণ তৈরি অবশ্যই ইসলামের বৈশ্বিক ইতিহাসের দিক থেকেও জরুরি। উপরন্তু আমরা ইতিহাসকে ঘটনা হিসেবে বা বীরপূজা বা জাতিঘৃণার অংশ হিসেবে পাঠ করব, নাকি বাংলাদেশের ভবিষ্যতের অংশ হিসেবে পাঠ করতে চাই, সেটাও আজ দরকারি প্রশ্ন হিসেবে সামনে চলে এসেছে।

বখতিয়ারের ঘোড়ায় এমন এক ‘শ্রেষ্ঠত্ববাদ’-এর কাব্যরূপ পাওয়া যায়, তা ধর্মের আবরণে আমাদের কোনো বিশেষ জাতিবাদের দিকে নিয়ে যায় কি না, সেটা বিবেচনায় রাখতে হবে। এ রকম জাতিবাদের মাঝেই লুকিয়ে থাকে ‘অন্যকে’ ‘নিম্নতর’ বিবেচনা করে ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে দখলের চেতনা। এ কবিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ইসলামের ইতিহাসের মহীয়ান সব সাংস্কৃতিক অবদান এবং তার দার্শনিক শক্তির ছাপ দুর্বল হয়ে পড়ে স্থানীয় পাঠকের মননে।

প্রান্ত টীকা

১. আল মাহমুদ যেমন বখতিয়ারকে নিয়ে কবিতা লিখেছেন, তেমনি তাঁর কবিতাতেই আমরা ‘ফসলের সুষম বণ্টন’ ও ‘শ্রেণী উচ্ছেদ’-এর জন্য (সোনালী কাবিন, ১০ নং সনেট) ‘সাম্যের দাওয়াত’ দেখি। তিনি যেমন একটি বিশেষ রাজনৈতিক ধারার সংবাদপত্র হিসেবে ঢাকায় দৈনিক সংগ্রাম ও চট্টগ্রামে দৈনিক কর্ণফুলীতে যুক্ত ছিলেন, তেমনি আবার অনেকখানি বিপরীত ধারার দৈনিক গণকণ্ঠেও তার আগে যুক্ত ছিলেন। কতটুকু আদর্শিক কারণে এবং কতটুকু আর্থিক কারণে এসব যুক্ততা, সেটা শনাক্ত করা সহজ নয় আজ আর। সুতরাং একটি কবিতায় ব্যক্ত কোনো বিশেষ ঐতিহাসিক চৈতন্য নিয়ে ব্যক্তি আল মাহমুদ বা তাঁর সমগ্র কাব্যসত্তাকে বিবেচনা করা ঠিক হবে না। আমরা এখানে কেবল তাঁর কবিতা ‘বখতিয়ারের ঘোড়া’য় ব্যক্ত ঐতিহাসিক উপাখ্যানকে পর্যালোচনা করব।

২. এ ক্ষেত্রে ইসলামের ইতিহাসের একজন সুপরিচিত গবেষক মোহাম্মদ মোহর আলীর লেখা থেকে একটা উদাহরণ তুলে ধরছি এখানে : ‘...It was one such goup of Turkish chieftains and military adventurers under the leadership of Ikhtiyur al-din Muhammad bin Bakhtiyar Khalji who planted the victorious banner of Islam on the soil on Bengal.’ (History of The Muslims of Bengal, V. IA, 1985, p. 47)।

এখানে একই বাক্যে একদিকে খলজিকে military adventurers বলা হচ্ছে, অন্যদিকে তাকে দেওয়া হচ্ছে ‘ইসলামের পতাকা ওড়ানোর বিজয়ের গৌরব’। কয়েক খণ্ডে প্রকাশিত বিপুল কলেবরের এই গবেষণা হয়েছে আবার সৌদি আরবের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে। ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধের পর গবেষক মোহাম্মদ মোহর আলী সৌদি আরবে চলে গিয়েছিলেন।

৩. আজকের বাংলাদেশ ও পশ্চিম বাংলার মালদা, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ইত্যাদি এলাকাকে সেই অভিযানের ভরকেন্দ্র বলা যায়।

৪. যেমন তোঘরীল তোঘান খানের সঙ্গে ওড়িষ্যা অভিযানে সহযোগী হন তিনি। গোওয়ালিয়ার আক্রমণে তিনি সুলতান ইলতুৎমিশের সহযাত্রী ছিলেন।

৫. বাংলার ‘সমাজ’ থেকে সেই সমন্বয়ধর্মী সংস্কৃতির সংগঠিত উৎখাতের সূচনা মাত্র গত কয়েক শতাব্দীর ঘটনা। মধ্যযুগের বাংলার স্বাধীন মুসলমান সুলতানদের আমলে বরং উল্টো চিত্রের ইঙ্গিত পাওয়া যায়। সুলতান রুকুন-উদ-দীন, আলাউদ্দিন হুসেন শাহ, নাসির উদ্দীন নুসরাত শাহ প্রমুখের সময়ে তাঁদের পৃষ্ঠপোষকতায় লেখা হতে দেখা গেছে, শ্রীকৃষ্ণবিজয় (মালাধর বসু), মনসাবিজয় (বিপ্রদাস পিপলাই), পদ্মপুরাণ (বিজয় গুপ্ত), কৃষ্ণমঙ্গল (যশোরাজ খান) ইত্যাদি বাংলা কাব্য। মালাধর বসু ছিলেন বর্ধমানের, বিপ্রদাস উত্তর চব্বিশ পরগনার, বিজয় গুপ্ত বরিশালের মানুষ। একই সময়ে আলাউদ্দিন হুসেন শাহের লস্কর চট্টগ্রামের শাসক পরগাল খাঁর অনুরোধে মহাভারতের একাংশ অনুবাদ করছেন কবীন্দ্র পরমেশ্বর। এ রকমই ধারাবাহিকতা পাওয়া যায় সপ্তদশ শতাব্দীতে দৌলত কাজী এবং আলাওলের লেখনীর বিষয়বস্তুতে। এই উভয় খ্যাতনামা মুসলমান লেখকের রচনায় অনেকভাবে শ্রীকৃষ্ণ চরিত্রকে উপস্থিত দেখা যায়। বলা বাহুল্য, এটা মুসলমান শাসকদের দিক থেকে শুধুই ঔদার্যের বিষয় ছিল না, বহিরাগত শাসক হিসেবে অপরিচিত জমিনে নিজেদের রাজত্বের দীর্ঘস্থায়িত্বের কৌশল হিসেবেই হিন্দু-মুসলমানের সুসম্পর্ক তাদের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক ছিল। আবার একই সঙ্গে এটা স্থানীয় সমাজের সংস্কৃতির সঙ্গেও মানানসই ছিল। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দেখা যেতে পারে : Sushil Chaudhury, ‘Identity and Composite Culture : The Bengal Case’, Journal of the Asiatic Society of Bangladesh, Hum., Vol. 58 (1), 2013.

৬. দক্ষিণ এশিয়ার ইসলামের ইতিহাসে জবরদস্তিমূলক ধর্মান্তরকরণের ধারণা তথা ‘তরবারিতত্ত্ব’-এর অন্যতম উদ্যোক্তা হলো উইল ডুরান্ট (The Story of Civilization : Our Oriental Heritage, 1935)। পরে এই তত্ত্ব এখানে প্রচার করেছে ব্রিটিশ শাসক-বুদ্ধিজীবীরা। মূলত ভারতবাসীকে বিভক্ত করে শাসন করার জন্যই এই তত্ত্বের প্রসার ঘটায় তারা। এরপর সেটা হস্তান্তরিত হয় হিন্দুত্ববাদী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের একাংশের কাছে। এভাবেই এর অনুপ্রবেশ ঘটে বাঙালি মুসলমান বুদ্ধিজীবী সমাজের একাংশের মাঝেও। তারই একরূপ পার্শ্বফল হতে পারে বখতিয়ারের মতো চরিত্রদের ক্রমাগত ‘মুসলমান শাসনের প্রতিষ্ঠা’ হিসেবে তুলে ধরা। বখতিয়ারকে ‘মুসলমান শাসক’ হিসেবে চিহ্নিত করা স্পষ্ট ইঙ্গিতবহ। বুদ্ধিবৃত্তিক পরিসরে দশকের পর দশক তার প্রচার—ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার কোনো সচেতন প্রয়াস কি না, সেটাও গভীরভাবে পুনর্ভাবনার অবকাশ রয়েছে। এ রকম তুর্কি যোদ্ধাদের ‘কাজ’কে ভারতবর্ষে ‘মুসলমানদের অবদান’ হিসেবে দেখানো আজকের ভারতে বিজেপির তরফ থেকেও বিরাট এক বুদ্ধিবৃত্তিক কর্মসূচি হিসেবে হাজির আছে।

৭. মূল ফারসি থেকে তবকাত-ই-নাসিরীর অনুবাদক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া লিখেছেন, ‘সেনদের দলিলপত্রে কোথাও দেখা যায় না গৌড়ে তাদের কোনো রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র ছিল। অথচ সেই নগরীর নামের সঙ্গে সংযুক্ত করে প্রায় সমগ্র বরেন্দ্র অঞ্চলকে লক্ষ্ণৌতি রাজ্য বলে অভিহিত করে গেছেন মিনহাজসহ অনেক মুসলমান ঐতিহাসিক।’

৮. আবিদ আলী খান, গৌড় ও পাণ্ডুয়ার স্মৃতি, ইংরেজি থেকে অনুবাদ : চৌধুরী শামসুর রহমান, দিব্যপ্রকাশ, ২০০৭, পৃ. ১৩৯। ১৯০২ সালে মালদহে লর্ড কার্জনের হাতে গৌড় ও পাণ্ডুয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর এই তালিকা দেওয়া হয়েছিল। গৌড়ের প্রত্ন-ইতিহাস সম্পর্কে এটা একটা নির্ভরযোগ্য দলিল। একই বিষয়ে অক্ষয়কুমার মৈত্রেয়-এর গৌড় কাহিনিতে (বঙ্গদর্শন, কার্তিক, ১৩১৪) বলা হয়েছে : ‘লক্ষ্মণাবতীর ধ্বংসাবশেষের মাঝে বখতিয়ার নির্মিত কোনো পুরাতন মসজিদের পরিচয় পাওয়া যায় না। সে রকম কোনো জনশ্রুতিও বর্তমান নাই।’

৯. এ পর্যায়ে এ-ও মনে রাখা দরকার, সেনরাও খলজিদের মতোই বাংলায় বহিরাগত শাসক। মূলত কানাড়িভাষী তারা। সেনরা এসেছিল কর্ণাটকের মহীশূর থেকে। প্রাথমিকভাবে এরা ছিল ব্রহ্ম-ক্ষত্রিয়। অর্থাৎ একই সঙ্গে স্বঘোষিত শাসক ও যোদ্ধা। দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন দ্বাদশ ও ত্রয়োদশ শতকের বাংলার ইতিহাস পড়ি, তখন কেবল এসব বহিরাগত যোদ্ধার ইতিহাস পড়তে বাধ্য হই। এসব শাসককে আমরা মহিমান্বিতও করি। কার্যত এসব বাংলার সমাজের ইতিহাস নয়, তখনকার আগ্রাসী ‘শাসকদের ইতিহাস’ মাত্র। যদিও তাকেই ‘বাংলার ইতিহাস’ হিসেবে দেখানো চলছে। আরও বিস্ময়ের দিক হলো, সেন বংশ এবং খলজিদের সঙ্গে তুলনা করলে শাসক হিসেবে পালবংশই অনেক লোকজ এবং বাঙালি চরিত্রের। এই শাসক বংশের গোড়াপত্তনের ধরনও ছিল তুলনামূলকভাবে গণতান্ত্রিক ধাঁচের। অভ্যন্তরীণ বিদ্রোহের সুযোগে তাদের উৎখাত করেই সেনরা এসেছিল। আর সেই সেনদের পর এল তুর্কি-আফগান খলজিরা। কিন্তু পূর্বতন স্থানীয় শাসকদের পরিবর্তে বাংলার ইতিহাসচর্চায় বহিরাগত শাসকেরাই প্রশংসিত—যাঁরা মূলত আক্রমণকারী এবং ক্ষমতা দখলকারী।

১০. তবে এমনকি সেখানে কোনো বড় মন্দিরের ধ্বংসাবশেষও মেলেনি। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া তাঁর অনুবাদের উপক্রমণিকায় লিখেছেন, ‘মিনহাজের বর্ণনায় দেখা যায়, বখতিয়ার বিহার অধিকারের সংবাদ পাওয়ার পর মহারাজা লক্ষ্মণ সেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেটা হলে এই মহারাজা যে নগরীতে কোনো প্রতিরক্ষাব্যবস্থা করবেন না, তা কল্পনাতীত। আর কিছু না হোক, নগরীর চারদিকে একটা পরিখা অন্তত থাকত। অথচ সারা নবদ্বীপে কোনো পরিখার চিহ্ন পাওয়া যায় না।

১১. হেমন্ত সেনের পুত্র বিজয় সেনের রাজধানী ছিল বিজয়পুর। সেটা রাজশাহী থেকে আট মাইল দূরের বিজয়নগর।

১২. নালন্দা যে ১১৯৩ সালে ধ্বংস হয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য বহু ভারতীয় ভাষ্যই রয়েছে। দেখুন, Vishnu Kumar Gupta, ‘Burning Libraries : A Review through the Lens of History,’ The Journal of Indian Library Association (JILA), 54 (1), Jan 2018, p.20। অন্যদিকে বিহারে আসার আগে বখতিয়ার অযোধ্যায় এসেছিলেন বলে সকল ঐতিহাসিকই দেখিয়ে থাকেন। তার আগে তিনি দক্ষিণে ছিলেন। কিন্তু কুতুব-উদ-দীন আইবেক বদক্ষিণ অধিকার করেন ১১৯৭ সালে। ফলে এর আগে অযোধ্যায় বখতিয়ারের জায়গীর পাওয়ার কথা নয়।

১৩. মানবেন্দ্রনাথ রায়, ইসলামের ঐতিহাসিক ভূমিকা, পূর্বোক্ত, পৃ. ১৭। এ বিষয়ে ইসলামের বিধান সম্পর্কে সাইয়েদ আবু আলা মওদুদি লিখেছেন,

‘যারা ইসলামের রাষ্ট্র পরিচালনা করবে, তারা কোথাও বিজয়ীর বেশে প্রবেশ করলে সেখানকার লোকেরা গণহত্যা, জনপদে ধ্বংসলীলা, জুলুম নির্যাতন, গুণ্ডামী এবং ব্যভিচারের ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না। বরং বিজিত জনপদের অধিবাসীরা এদের প্রতিটি সিপাহিকে পাবে জানমাল, ইজ্জত, আব্রু ও নারীদের সতীত্বের পূর্ণ হেফাজতকারী হিসেবে।’ (ইসলামি রাষ্ট্র ও সংবিধান, মওদুদি রিসার্চ একাডেমি, ১৯৯৭, ঢাকা, পৃ. ৪৬৯)। আর ‘বখতিয়ারের ঘোড়া’য় যাকে ‘আল্লার সেপাই’ বলা হয়েছে এবং শত শত গবেষক যাকে ‘বাংলায় মুসলমান শাসনে’র কর্তৃত্ব দিচ্ছেন, তার নদীয়া অভিযান শেষে কী ঘটছে? তবকাত-ই-নাসিরী থেকে উদ্ধৃতি :

রায় (লক্ষ্মণ সেন) নগ্নপদে পশ্চাদ্বার দিয়ে নিজ প্রাসাদ থেকে পলায়ন করেন। তাঁর সমুদয় ধনাগার, হারেমের নারী, দাসদাসী, ব্যক্তিগত সম্পত্তি ও পুর নারী বখতিয়ারের করতলগত হয়। তিনি অসংখ্য হস্তীও অধিকার করেন। মুসলিম সৈন্যদের হস্তে এত লুণ্ঠিত দ্রব্য পতিত হয় যে, তা বর্ণনা করা যায় না।...(তবকাতের বখতিয়ার অধ্যায়, সরদার আবদুর রহমানের ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজি গ্রন্থের পরিশিষ্ট হিসেবে সংযুক্ত, দিব্যপ্রকাশ, ২০১৯, পৃ. ২২৬)

১৪. কোরআনের বিধান অনুযায়ী অন্যের সম্পদ অন্যায়ভাবে সংগ্রহ অনুমোদিত নয়। সূরা বাকারাহ হতে এর বিরুদ্ধে নির্দেশ রয়েছে (২ :১৮৮)। এ রকম ধনসম্পদ গ্রাস করার লক্ষ্যে ঊর্ধ্বতনকে উৎকোচ প্রদানেও নিষেধ করা হয়েছে সেখানে (২ :১৮৯)।

১৫. He (Bakhtiyar Khilji) used to carry his depredations into those parts and that country until he organized an attack upon the fortified city of Bihar. Trustworthy persons have related on this wise, that he advanced to the gateway of the fortress of Bihar with two hundred horsemen in defensive armour, and suddenly attacked the place. There were two brothers of Farghanah, men of learning, one Nizamu-ud-Din, the other Samsam-ud-Din (by name) in the service of Muhammad-i-Bakhtiyar; and the author of this book [Minhaj] met with at Lakhnawati in the year 641 H, and this account is from him. These two wise brothers were soldiers among that band of holy warriors when they reached the gateway of the fortress and began the attack, at which time Muhammad-i-Bakhtiyar, by the force of his intrepidity, threw himself into the postern of the gateway of the place, and they captured the fortress and acquired great booty. The greater number of inhabitants of that place were Brahmans, and the whole of those Brahmans had their heads shaven; and they were all slain. There were a great number of books there; and, when all these books came under the observation of the Musalmans, they summoned a number of Hindus that they might give them information respecting the import of those books; but the whole of the Hindus were killed. On becoming acquainted (with the contents of the books), it was found that the whole of that fortress and city was a college, and in the Hindu tongue, they call a college Bihar.” (Tabaqat-i-Nasiri, English translation by H.G. Raverty, pages 551-52).

১৬. বেভারলিও ব্রিটিশদের তৈরি ১৮৭১-এর প্রথম শুমারি দলিলে বাংলার মুসলমানদের মাঝে বর্ণপ্রথার অস্তিত্বের কথা বলেছেন।

১৭. মুসলমান শাসকেরা আসামাত্র যে ‘গণহারে ইসলাম কায়েম’ হয়নি, তার আরেক প্রমাণ ইবনে বতুতার পূর্ব বাংলা ভ্রমণের কাহিনি। এ সময় ১৫ দিন মেঘনা নদীতে ভ্রমণ শেষে নদীর দুপারে কেবল ‘মুসলমান রাজত্বের অধীনে কাফের’দের দেখেছিলেন তিনি। এ বিবরণ সাক্ষ্য দেয়, অন্তত ১৪ শতাব্দীতেও এ বাংলায় অমুসলমানদের ব্যাপক আধিক্য ছিল।

‘গণহারে’-এর বদলে যে ‘ধীরলয়ে’ বিশ্বাস বদলের ঘটনা ঘটেছে, সেটা এমনকি নদীয়ার পরের সময়ের শুমারি প্রতিবেদনগুলোতেও লক্ষ করা যায়। যেমন ১৮৭২ সালে নদীয়ায় মুসলমান জনসংখ্যার হিস্যা ছিল ৫৪ ভাগ, ১৮৯১ সালে ৫৭ ভাগ এবং ১৯০১ সালে ৫৯ ভাগ। লক্ষ করার বিষয়, অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠী হিসেবে জন্মহার বেশির বিষয় বিবেচনা করলে সেখানে মুসলমানদের সংখ্যা বেড়েছে খুব ধীরলয়ে। [জেলা গেজেট নদীয়া ১৯২৭]

নদীয়ার মতোই তখনকার আরেক ‘মুসলমান শাসক প্রভাবিত অঞ্চল’ ঢাকায় ১৮৩০ সালের শুমারি থেকে হিন্দু-মুসলমান জনসংখ্যা পাওয়া যায় যথাক্রমে ৩১ হাজার ও ৩৫ হাজার। অর্থাৎ তখনো এখানে প্রায় অর্ধেক জনগণ ছিল অমুসলমান। এইচ ওয়াটনের উদ্যোগে শুধু ঢাকায় এই শুমারি হয়েছিল বলে জেমস ওয়াইজ জানিয়েছেন।

১৮. বেভারলি মুসলমানদের মাঝে কৃষিজীবীর পাশাপাশি তাঁতি ও জোলাদের বড় সংখ্যায় পাওয়ার তথ্য দিয়েছেন। যদি যোদ্ধা-শাসকদের সূত্রেই প্রধানত ধর্মান্তর ঘটত, তাহলে মুসলমানদের মাঝে শহুরে পেশাজীবীদের সংখ্যাও থাকত উল্লেখযোগ্য এবং তাদের অবস্থান হতো নগরগুলোতে উল্লেখযোগ্য। কিন্তু ইসলামের আবির্ভাবের দীর্ঘ সময় পরের শুমারিও সে রকম আভাস দেয় না।

১৯. একই সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণেই বাংলার এসব এলাকায় একদা বৌদ্ধ বিশ্বাসেরও বিস্তৃতি ঘটেছিল বলে আব্দুল মমিন চৌধুরী দাবি করেন। সেনদের আমলে ব্রাহ্মণ্যবাদী কঠোরতা এসব এলাকায় ইসলাম প্রসরের জমিন তৈরি করে রেখেছিল বলেই তিনি ইঙ্গিত দেন।

২০. এ রকমই এক গবেষণা Dhirendra Nath Majumdar and Radhakrishna Rao, Race elements in Bengal : A quantitative analysis, Asia Pub. House, 1960. এর মাঝে প্রথমজন ছিলেন নৃবিজ্ঞানী। দ্বিতীয়জন পরিসংখ্যানবিদ। ১৯৪৫ সালে এই জরিপ পরিচালনা করা হয় বাংলার ২৯টি জেলার ১৪টিতে ৪১টি সামাজিক গ্রুপের মাঝে। ৩৭৮১ জন পুরুষকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল। এ রকম বিষয়ে এত বৃহৎ পরিসরের ব্যবহারিক গবেষণা খুবই বিরল।

২১. ইটন তাঁর বিবরণে অন্যান্য পশ্চিমা গবেষকের সূত্রে দাবি করেছেন, সুলায়মান তাহির (মৃ. ৮৫১), ইবনে খুদাদাদবিহ (মৃ. ৮৫০), মাসুদি (মৃ. ৯৫৬) ও ইদ্রিসির (মৃ. ১১৫০) মতো আরবের ভূগোলবিদদের কাছে বাংলা পরিচিত ছিল এবং তাদের মধ্যে অন্তত একজন (মাসুদি) সেখানে মুসলমানদের বসবাসের উল্লেখ করেছেন।

রচনাপঞ্জি

আকবর ২০১৮।। আকবর আলি খান, বাংলায় ইসলাম ধর্মের প্রসার, ঢাকা: জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন।

আবদুল ২০০৭।। আবদুল করিম, ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসন, ঢাকা: বড়াল।

আবিদ ২০০৭।। আবিদ আলী খান, গৌড় ও পাণ্ডুয়ার স্মৃতি, চৌধুরী শামসুর রহমান অনূদিত, ঢাকা: দিব্যপ্রকাশ।

আলী ১৯৮৫।। Muhammad Mohar Ali, History of The Muslims of Bengal, Vol. IA, Riyadh : Imam Muhammad ibn Saʻūd Islamic University।

ইটন ২০০৮।। রিচার্ড এম. ইটন, ইসলামের অভ্যুদয় এবং বাংলাদেশ, হাসান শহীদ অনূদিত, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

ওয়াইজ ২০০০।। জেমস ওয়াইজ, পূর্ববঙ্গের বিভিন্ন জাতি, বর্ণ ও পেশার বিবরণ, প্রথম ভাগ, ফওজুল করিম অনূদিত, ঢাকা : আইসিবিএস।

গুপ্ত ২০১৮।। Vishnu Kumar Gupta, ‘Burning Libraries : A Review through the Lens of History’, The Journal of Indian Library Association (JILA), 54 (1), Jan, p. 20।

চৌধুরী ২০১১।। Abdul Momin Chowdhury, ‘Reflections on Islamisation in Bengal’, Bangladesh e-Journal of Sociology।

চৌধুরী ২০১৩।। Sushil Chaudhury, ‘Identity and Composite Culture : The Bengal Case’, Journal of the Asiatic Society of Bangladesh, Hum., Vol. 58 (1), p. 3।

বলখম্যান ১৮৭৩।। H. Bolchmann, Journal of Asiatic Society of Bengal, No. 3, p. 211।

বেভারলি ১৮৭২।। H. Beverley, Census of Bengal 1871, Calcutta: Bengal Secretariat Press।

মজুমদার ও রাও ১৯৬০।। Dhirendra Nath Majumdar and Radhakrishna Rao, Race elements in Bengal : A quantitative analysis, Calcutta: Asia Pub. House।

মমতাজুর ১৯৮১।। মমতাজুর রহমান তরফদার, ইতিহাস ও ঐতিহাসিক, ঢাকা : বাংলা একাডেমি।

মানবেন্দ্রনাথ ২০১৫।। মানবেন্দ্রনাথ রায়, ইসলামের ঐতিহাসিক ভূমিকা, কলকাতা: রেনেসাঁস।

মিনহাজ ২০১৪।। মিনহাজ-ই-সিরাজ, তবকাত-ই-নাসিরী, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অনূদিত, ঢাকা: দিব্যপ্রকাশ।

রহমান ১৯৯৫।। Md. Shah Noorur Rahman, ‘Islam and its early introduction in Bengal’, Indian History Congress, Vol. 56, pp. 425-434।

রায় ১৯৮৩।। Asim Roy, Islamic Syncretistic Tradition in Bengal, New Jersey: Princeton University Press।

সরদার ২০১৯।। সরদার আবদুর রহমান, ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজি, ঢাকা: দিব্যপ্রকাশ।

সহায় ২০১৯।। Sangeeta B. Sahay, ‘Re-assessing the military career of Bakhtiyar Khilji in Bihar. IOSR Journals, doi:10.9790/0837-2402025153.।

সাঈদ ।। Sayiedmomin Sayied, ‘Khilji Dynesty’, www.taand.com, https://bit.ly/3890RaU।

লেখক পরিচিতি

আলতাফ পারভেজ পড়েছেন দর্শন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রাবস্থায় সামরিক জান্তা বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন এবং ডাকসু'র সদস্য হিসেবেও নির্বাচিত হন তখন। পরবর্তীতে সাংবাদিকতা, শিক্ষকতা ও গবেষণাধর্মী কাজ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২০টির বেশি। এর মধ্যে রয়েছে, লাল জুলাই (প্রথমা প্রকাশন, ২০২৫), যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ (প্রথমা প্রকাশন, ২০১৯), মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনর্পাঠ (ঐতিহ্য, ২০১৫), পাকিস্তান আন্দোলন: জিন্নাহ মওদুদী ভাসানীর ভূমিকা, পার্টিশন-বিতর্কের পুনর্পাঠ (প্রথমা প্রকাশন, ২০২৬), ইত্যাদি।

নভেম্বর ১৫, ২০২৬
পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগ
পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগ

ভাবুন তো, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেন, যেখানে পরীক্ষার চিন্তা নেই। ভালো নম্বর পাওয়ার প্রতিযোগিতা নেই, ফেল করার ভয়ও নেই। নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ছেন। সহপাঠীদের সঙ্গে থাকছেন, গাইছেন, খেলাধুলা করছেন। কখনো দল বেঁধে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, কখনো নতুন কিছু তৈরি করছেন। অথচ এসবের জন্য মিলবে না কোনো ডিগ্রিও!

ডেনমার্কে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিই আছে। এদের বলে ‘ফোক হাই স্কুল’। ডেনিশ ভাষায় ‘হায়েস্কুলে’। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ওঠা এসব আবাসিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু পেশাগত দক্ষতা বাড়ানো নয়; নিজের আগ্রহ খুঁজে পাওয়া, নতুন কিছু শেখা এবং অন্যদের সঙ্গে মিলেমিশে চলার অভিজ্ঞতা অর্জন।

বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা

ডেনমার্কে এ ধরনের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আছে ২৫০টির বেশি বিষয়ে শেখার সুযোগ।

যেখানে ফেল করার ভয় নেই

ফোক হাই স্কুলে ভর্তির জন্য সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। নেই প্রচলিত স্কুল-কলেজের মতো নির্ধারিত পাঠ্যক্রম, নম্বর কিংবা চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষাদর্শ অনুযায়ী বিষয় ও পাঠদানের পদ্ধতি ঠিক করে।

কেউ সংগীত, সাহিত্য বা দর্শন পড়তে পারেন। কেউ বেছে নেন খেলাধুলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, রাজনীতি কিংবা পরিবেশবিষয়ক কাজ। বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, নকশা, থিয়েটার ও নৃত্যের মতো বিষয়ও আছে। অনেক প্রতিষ্ঠানে একাধিক বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে।

কোর্সের মেয়াদও একেক রকম। স্বল্পমেয়াদি কোর্স কয়েক দিনের হতে পারে। দীর্ঘমেয়াদি কোর্স সাধারণত কয়েক মাস চলে। চার সপ্তাহের বেশি সময়ের কোর্স শেষে সাধারণত অংশগ্রহণের সনদ দেওয়া হয়। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো ‘একাডেমিক ডিগ্রি’ নয়।

ক্লাসের বাইরেও শেখা

ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন। শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে থাকেন, একসঙ্গে খাবার খান, পড়াশোনা করেন, অবসর কাটান। ফলে শেখার সুযোগ শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকে না।

অনেক প্রতিষ্ঠানে দিনের শুরু হয় সম্মিলিত গান দিয়ে। কোথাও শিক্ষার্থীরা রান্না কিংবা পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন। দলগত কাজ, আলোচনা ও দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সহযোগিতা ও সহনশীলতার চর্চা হয়। শিক্ষকদের সঙ্গেও শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পাঠদান আর পাঠ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

যে ভাবনা থেকে শুরু

এই শিক্ষাধারার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। এর সঙ্গে জড়িয়ে আছে ডেনমার্কের দার্শনিক, লেখক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগের নাম।

গ্রন্ডটিগ মনে করতেন, শিক্ষা শুধু উচ্চশিক্ষার সুযোগ পাওয়া মানুষের জন্য নয়। সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ থাকা উচিত। শিক্ষার উদ্দেশ্য কেবল ‘চাকরিজীবী’ তৈরি করা নয়, সচেতন নাগরিক গড়ে তোলা।

১৮৩০-এর দশকে তিনি ফোক হাইস্কুলের ধারণা তুলে ধরেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ডেনিশ ফোক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেনিশ শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোরের। পরে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। আবাসিক শিক্ষার এই ধারাকে জনপ্রিয় করতে তাঁরও বড় অবদান আছে।

১৮৬৪ সালের যুদ্ধে ডেনমার্কের পরাজয়ের পর ফোক হাইস্কুল আন্দোলন বিস্তৃত হয়। জাতীয় পরিচয়, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কারা পড়তে পারেন

সাধারণ ফোক হাই স্কুলে ভর্তির ন্যূনতম বয়স সাড়ে ১৭ বছর। তবে ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। দীর্ঘমেয়াদি কোর্সে সাধারণত ২০ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি বেশি। অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিংবা পড়াশোনা থেকে সাময়িক বিরতি নিয়ে এখানে আসেন। স্বল্পমেয়াদি কোর্সে প্রবীণদের অংশগ্রহণও উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠানগুলোর ধরনেও বৈচিত্র্য আছে। কোথাও খেলাধুলা, কোথাও শিল্পকলা, কোথাও সংগীত কিংবা ধর্মীয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কাজে লাগে?

ফোক হাই স্কুলের কোর্স কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা ক্রেডিটের সমতুল্য নয়। শুধু এখানে পড়াশোনা করলেই উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতা অর্জিত হয় না।

তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতাও বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে ফোক হাইস্কুলে কাটানো সময় কাজে আসতে পারে। বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-নীতির ওপর।

পরীক্ষা, নম্বর কিংবা ডিগ্রির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তবে শেখার সব অর্জন কি মার্কশিটে ধরা পড়ে? নতুন মানুষের সঙ্গে পরিচয়, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা কিংবা নিজের অজানা সামর্থ্য আবিষ্কারেরও তো মূল্য আছে। এআইয়ের যুগে এসব নিশ্চয়ই আরও বেশি মূল্যবান।

নভেম্বর ১৫, ২০২৬
অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা
অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা

জরিমানার পরিমাণ প্রায় ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির কোনো কর্তৃপক্ষের আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি

নভেম্বর ১৫, ২০২৬
নায়িকা নাকি অভিনয়শিল্পী, কী হতে চান নাযাহ নাওয়ার
নায়িকা নাকি অভিনয়শিল্পী, কী হতে চান নাযাহ নাওয়ার

অতিথি:

নাযাহ নাওয়ার

অভিনয়শিল্পী

সঞ্চালক:

মৌসুমী মৌ

নভেম্বর ১৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।