বাজারে চালের দাম বাড়তি। মোটা চালের দামও ঊর্ধ্বমুখী। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পোশাকশ্রমিকদের। এমন পরিস্থিতিতে গাজীপুরে ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এতে ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন একজন শ্রমিক।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় এ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই কারখানার ভেতরে চাল নিতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। বাজারমূল্যের তুলনায় কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। তবে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও ন্যায্যমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।

মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে এদিন চাল বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তুলনামূলক কম দামে চাল পেয়ে খুশি শ্রমিকেরা। তাঁদের মতে, এ উদ্যোগ সংসারের খরচ কমাতে সহায়তা করবে। তবে শুধু চাল নয়, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও স্বল্প মূল্যে সরবরাহ করা হলে শ্রমিকদের বেশি উপকার হবে।

স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁদের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। প্রথম পর্যায়ে তাঁদের মধ্য থেকে ৫০০ শ্রমিককে বাছাই করে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে।

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।

এমনই একটি ঘটনা ঘিরে আজকের এই হামলা–ভাঙচুর হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেছেন, দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়াল দিতে হয়। এই সিরিয়ালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়েছে। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালিয়েছেন।

ঘটনা সম্পর্কে দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেছেন, প্রথমে একটা ছেলে এসেছিলেন। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্তোরাঁর একজন কর্মী সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করতে চান। ওই ছেলে ছাত্র হতে পারে, সেটা বুঝে রেস্তোরাঁর কর্মী তাঁকে আরেকটি জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতে তিনি খেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান।

হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ যুবক হঠাৎ করে ওই রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাঁরা চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাব তুলে ব্যাপক ভাঙচুর চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, রেস্তোরাঁয় বসা নিয়ে ওই তরুণের সঙ্গে রেস্তোরাঁকর্মীদের বাগ্বিতণ্ডার জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। উপকমিশনার রুহুল কবীর সাংবাদিক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি রেস্তোঁরার মালিক সাফিনকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খোলার পরামর্শ দেন। সেখানে পুলিশ থাকবে বলে আশ্বস্ত করেন উপকমিশনার রুহুল কবীর খান।

শুধু মাঠের ফলই নয়, বাংলাদেশের ফুটবলারদের গতি ও খেলার ধরনও নজর কেড়েছে প্রতিপক্ষের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কৌতূহল ছিল, বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়!

আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে ঘটনাটি জানিয়েছেন ডুলি। তাঁর কথায়, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি

শ্রীলঙ্কার খেলোয়াড়দের এই প্রশংসায় খুশি ডুলি। বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও সামর্থ্যের স্বীকৃতি হিসেবেই দেখছেন বিষয়টিকে। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। কারণ, সামনে যে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

আগামীকাল রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় আক্রমণভাগ নিয়ে ডুলির আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দলে স্বীকৃত নাম্বার নাইন বা প্রকৃত স্ট্রাইকারের অভাব নিয়ে যে আলোচনা আছে, সেটিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না তিনি। তাঁর বিশ্বাস, গোল করার জন্য নির্দিষ্ট একজন স্ট্রাইকারের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। ডুলির ভাষায়, ‘গোল করার জন্য একজন নির্দিষ্ট স্ট্রাইকারের ওপর নির্ভর করতে হবে, এমন কোনো কথা নেই।’

ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী খেললে বাংলাদেশ আরও বেশি গোল পেতে পারত বলেও মনে করেন কোচ। বলেছেন, ‘হামজা ওই ম্যাচে থাকলে হয়তো এক-দুটি, এমনকি তিনটি গোলও করতে পারত। তার তিনটি সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।’

তবে পাকিস্তানকে নিয়ে বেশ সতর্ক ডুলি। তাঁর চোখে, এই মুহূর্তে পাকিস্তানই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ হিসেবে এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দলটির ভালো ফল এবং ইউরোপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন পাঁচজন বিদেশি ফুটবলারের কথা উল্লেখ করেছেন তিনি। ডুলির সতর্কবার্তা, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম গোলটি এসেছে শমিত সো

পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে অবশ্য কিছু দুশ্চিন্তাও আছে। সাদ উদ্দিনের অনুপস্থিতি তার একটি। ডান প্রান্তে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফুটবলার। তাঁর জায়গায় কাকে খেলানো হবে, সেটি এখনো ঠিক করেননি ডুলি।
তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ। তপুকে নিয়ে আশার খবর দিয়েছেন তিনি, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। তার পায়ে কোনো ব্যথা নেই। সে নিজেও বলেছে, স্বাভাবিক বোধ করছে। প্রয়োজন হলে সে খেলতে পারবে। এটা ভালো খবর।’

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ। গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।

নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট। মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন করে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা হলো মুসলিম ও অনগ্রসর জাতিগোষ্ঠীর এই দল বিজেপিবিরোধী দুই প্রধান দল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ভোট কাটবে, যার ফলে শেষ পর্যন্ত সুবিধা হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির।

নতুন এই জোটের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর সম্ভাবনা প্রসঙ্গে দলের নেতারা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবে।

সংবাদ সম্মেলনে ওয়াইসি নতুন এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেন। দুই নেতাই জানিয়েছেন, খুব শিগগির আসন সমঝোতা চূড়ান্ত করে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরার কথা জানিয়েছেন চন্দ্রশেখর। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা, উন্নত হাসপাতাল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। তাঁর দাবি, এই জোট কোনো তৃতীয় ফ্রন্ট নয়, বরং এটিই সবচেয়ে শক্তিশালী প্রথম ফ্রন্ট। সমাজের অবহেলিত ও শোষিত মানুষদের এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানান আজাদ।

আসাদউদ্দিন ওয়াইসি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের নির্বাচনে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা থেকে আটকাতে এই মোর্চা শক্তিশালী বিকল্প হয়ে উঠবে। তাঁর মতে, দলিত ও সংখ্যালঘুদের এত দিন শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপিকে আটকানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতেও তাঁরা কাজ করবেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমাজবাদী পার্টির (সপা) ‘পিডিএ’ (পিছড়ে, দলিত, সংখ্যালঘু) সমীকরণের মূলে আঘাত হানতে পারে এই নতুন জোট। একই সঙ্গে মুসলিম ও দলিত ভোটে ভাগ বসাতে পারে এই দলগুলো। লক্ষ্ণৌ শিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় ধরে আসাদউদ্দিন এমন জায়গায় প্রার্থী দিচ্ছেন, যেখানে কংগ্রেসের একটা সুযোগ তৈরি হয়েছে বা হচ্ছে, আর যেখানে বিজেপিবিরোধী একটা হাওয়াও রয়েছে। এভাবে মহারাষ্ট্রসহ বেশ কিছু রাজ্যে তারা বিজেপিবিরোধী কংগ্রেসের ভোট কেটে বিজেপিরই সুবিধা করেছে। এখানেও সেটাই হতে চলেছে বলে মনে হচ্ছে।

কংগ্রেসের প্রতিক্রিয়া

নতুন এই জোটের বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়াও বেশ স্পষ্ট। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্রে সবারই দল গঠন বা জোট করার অধিকার রয়েছে এবং তারা তাদের নিজস্ব পথেই কাজ চালিয়ে যাবে। নতুন এই জোটের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর সম্ভাবনা প্রসঙ্গে দলের নেতারা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবে। কংগ্রেসের মতে, রাজনীতি মানে শুধু বিভিন্ন সম্প্রদায়ের মুখ সামনে আনা নয়, বরং মানুষকে দেখাতে হবে যে দলগুলো আদতে কী দিতে পারছে। সপা সংসদ সদস্য অবধেশ প্রসাদও নতুন জোটকে গুরুত্ব দিতে নারাজ।

অন্যদিকে বিজেপির দাবি, এজেন্ডাহীন এই জোটের ফলে নির্বাচনে তাদেরই সুবিধা হবে। এদিন সপা প্রধান অখিলেশ যাদবের আগামী অযোধ্যা রামমন্দির সফর নিয়ে তীব্র কটাক্ষ করেন ওয়াইসি। উর্দু কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, ধীরে ধীরে অখিলেশের মুখ থেকে মুখোশ সরে যাচ্ছে এবং আসল চেহারা সামনে আসছে।

আগামীকাল বেলা তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে নয়বারের সাফ চ্যাম্পিয়ন ভারত।

ভারতের লাদাখের ত্রিস্তরীয় নির্বাচনের আগে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ওয়াংচুক জানিয়েছেন, তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বেশ কয়েকজন সশস্ত্র রক্ষী তাঁর বাসভবন ঘিরে রেখেছেন। সরকারিভাবে তাঁকে জানানো হয়েছে, তিনি যেন বাড়িতেই থাকেন। লাদাখে পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন ২১ নভেম্বর। এরপর ৪ ডিসেম্বর হবে আটটি স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচন। লাদাখি জনগণ শীতের সময় এই ভোট গ্রহণের বিরোধিতা করছেন। তাঁদের দাবি, ঠান্ডা ও তুষারপাতের কারণে অনেকেই এই সময় অন্যত্র চলে যান। এই সময় ভোট হলে বহু ভোটার ভোট দিতে পারবেন না। তাতে ভোটের হার কমে যাবে। সোনম ওয়াংচুক এবং স্থানীয় জনগণের অধিকাংশ চান এই নির্বাচন পিছিয়ে দেওয়া হোক।

সোনম ওয়াংচুক এই সময়ে ভোট গ্রহণে আপত্তি জানিয়েছেন। সে জন্য তিনি জনমত সংগ্রহও করছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এই সময়েই ভোট করাতে চায়। ফলে ওয়াংচুককে আটকাতেই তাঁকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি লেহর এক প্রতিবাদস্থল থেকে পুলিশ ওয়াংচুককে সরিয়েও দেয়। এর পরেই তাঁকে আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারার অধীনে কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করেছে। লেহর অতিরিক্ত জেলা শাসক ওই নির্দেশে বলেছেন, আগামী ৬০ দিন সোনম ওয়াংচুক লেহ জেলায় কোনো ধরনের অননুমোদিত মিছিল, মিটিং বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।

প্রশাসনিক সূত্রে বলা হয়, পুলিশ কর্মকর্তারাও ওয়াংচুকের বিরুদ্ধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিলেন। কারণ, পুলিশের বক্তব্য, অতীতে ওয়াংচুক অনেক জনসভায় জনতাকে ‘উসকানি’ দিয়েছেন। সে কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। এখনো তেমন হতে পারে। সে ক্ষেত্রে আসন্ন নির্বাচন প্রক্রিয়াও বিঘ্নিত হতে পারে।

প্রশাসন জানিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন এবং লাদাখের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে নির্দেশে জেলায় ইতিমধ্যেই আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে।

গতকাল রাত প্রায় ১১টায় সোনম ওয়াংচুক এক্স হ্যান্ডলে এক পোস্ট দেন। তাতে নিজের গৃহবন্দীর হাল জানিয়ে তিনি লেখেন, ‘আমাকে আটকে রাখা হয়েছে প্রশাসনকে অপ্রিয় প্রশ্ন করার জন্য। যেমন গত বছর লেহতে গুলি চালানোর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে কেন দেরি হচ্ছে, কেনইবা হাড়কাঁপানো শীতের মধ্যে একটা নকল নির্বাচন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি আরও লেখেন, বৃহত্তম গণতান্ত্রিক দেশে তাঁর এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের ভিউয়ারশিপ জোর করে দাবিয়ে রাখা হয়েছে।

দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেখুন ভিডিওতে…

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পচেত্তিনো। মৌসুমের শুরুতে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে বরখাস্ত হওয়া মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। আজ ইউনাইটেড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে আছেন পচেত্তিনো। তবে ১ কোটি ইউরোর বেশি অঙ্কের রিলিজ ক্লজ দিয়ে তাঁকে ছাড়িয়ে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের বিবৃতি অনুযায়ী, আগামী বুধবার (১৮ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ৫৪ বছর বয়সী এই কোচ।

পচেত্তিনোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বর্তমান ক্যাম্প শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন মরিসিও পচেত্তিনো। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেবেন।’

তবে আগামী ১৪ ও ১৭ নভেম্বর হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের ম্যাচ দুটিতে যুক্তরাষ্ট্রের ডাগআউটে থাকবেন পচেত্তিনো। চলতি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সব কার্যক্রমের দায়িত্বও তাঁর কাছেই থাকবে।

মরিসিও পচেত্তিনো

ইংলিশ ফুটবলে অবশ্য নতুন নন পচেত্তিনো। এর আগে সাউদাম্পটন, টটেনহাম হটস্পার ও চেলসির কোচ ছিলেন তিনি। ২০১৯ সালে টটেনহামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছিলেন। সেমিফাইনালে আয়াক্সের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে ফাইনালের টিকিট পেয়েছিল তাঁর দল। এ ছাড়া এস্পানিওল ও পিএসজির দায়িত্বও সামলেছেন তিনি।
সর্বশেষ যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপে কাজ করেছেন পচেত্তিনো। তাঁর অধীন শেষ ষোলোতে উঠেছিল দলটি। তবে বেলজিয়ামের কাছে ৪–১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় যুক্তরাষ্ট্রের।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বটা সহজ হবে না পচেত্তিনোর জন্য। গত মৌসুমে ক্যারিকের অধীনে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইউনাইটেড। তাতে নতুন মৌসুম ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন নেই। লিগে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে জিতেছে দলটি। পয়েন্ট তালিকায় নেমে গেছে ১৮ নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চলছে ব্যর্থতা।

মরিসিও পচেত্তিনো

এ পরিস্থিতিতে কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিরতির পরই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পচেত্তিনোকে। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর নতুন অধ্যায়।
এরপর ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে স্পোর্টিং পর্তুগালের মাঠে খেলতে যাবে ইউনাইটেড। ইউরোপীয় প্রতিযোগিতায় নতুন কোচ হিসেবে সেটিই হবে পচেত্তিনোর প্রথম বড় পরীক্ষা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি, কাতারসহ কয়েকটি দেশ তাঁকে অনুরোধ করেছে। তাই ইরানে নতুন করে হামলা চালাচ্ছেন না। এর মাধ্যমে ট্রাম্প কি যুদ্ধে পিছু হটার ইঙ্গিত দিলেন? দেখুন ভিডিও বিশ্লেষণে…

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।